ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ ডা. জাহাঙ্গীর কবিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেকে লাইফস্টাইল। ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক এই ক্যাম্পেইনের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির।
সভায় ডা. জাহাঙ্গীর কবির টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির কারণ হিসেবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, এসব অভ্যাস পরিবর্তন করে স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।
তিনি জানান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি চর্চা—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে জেকে লাইফস্টাইল।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কেও জানানো হয়। এর মধ্যে রয়েছে চিকিৎসক, পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেইনারের বিনামূল্যে পরামর্শ, আধুনিক স্বাস্থ্য পরীক্ষা এবং অর্গানিক ও প্রাকৃতিক খাবারের সরবরাহ।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্বখ্যাত কসমেটিক সার্জন ও অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ ডা. এ জয়া প্রকাশ। তিনি জেকে লাইফস্টাইলের কার্যক্রমের প্রশংসা করে সুস্থতা ও তারুণ্য ধরে রাখতে সঠিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বাদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির ও জেকে লাইফস্টাইলের কার্যক্রম সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন।
এদিকে, অনুষ্ঠানে জেকে লাইফস্টাইলের পরামর্শ অনুসরণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল হওয়া কয়েকজন ফলোয়ার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ‘জেকে লাইফস্টাইল ইঞ্জিন’ হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবকেরা নিজেদের অভিজ্ঞতা এবং সমাজে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সম্পর্কে জানান।
আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে ভুল ধারণা দূর করা, সঠিক তথ্য প্রচার এবং মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য।
/এএন