×
Logo

অন্যান্য

ঢাকার দক্ষিণখানে ৬ বিঘা জমিতে সবুজ ফুটবল মাঠ, তরুণদের স্বপ্নপূরণে উদ্যোগ সালাউদ্দিন রুবেলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

ঢাকার দক্ষিণখানে ৬ বিঘা জমিতে সবুজ ফুটবল মাঠ, তরুণদের স্বপ্নপূরণে উদ্যোগ সালাউদ্দিন রুবেলের

ইট-পাথরের যান্ত্রিক নগরী ঢাকায় দিন দিন কমছে খেলার মাঠ। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের জন্য উন্মুক্ত খেলার জায়গার সংকট নগরজীবনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে ছয় বিঘা জমির ওপর একটি নান্দনিক সবুজ ফুটবল মাঠ। আর এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন জাতীয় পর্যায়ের সাবেক ফুটবলার সালাউদ্দিন রুবেল।

দক্ষিণখানের মধুবাগ কবরস্থান সংলগ্ন এলাকায় জমির মালিকদের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে মাঠটি। দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম ও নানা প্রতিকূলতা পেরিয়ে বাস্তব রূপ পেয়েছে তার এই উদ্যোগ।

সালাউদ্দিন রুবেল জানান, মাদক, কিশোর গ্যাং এবং মোবাইল ও অনলাইন আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। সেই ভাবনা থেকেই একটি উন্মুক্ত ও মানসম্মত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেন তিনি।

মাঠটি শুধু দক্ষিণখান নয়, উত্তরা ও আশপাশের এলাকার শিশু-কিশোর, তরুণ এবং ফুটবলপ্রেমীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে খেলার মাঠের অভাবে যারা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত ছিল, তাদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া অবকাঠামো।

এই মাঠকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা করা হয়েছে ‘আফিফ ফুটবল একাডেমি’। অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে প্রতিভাবান তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে একাডেমিটির। লক্ষ্য, স্থানীয় পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের ফুটবল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

একটি মাঠ নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে সালাউদ্দিন রুবেল যে স্বপ্নের যাত্রা শুরু করেছেন, তা সফলভাবে এগিয়ে গেলে দক্ষিণখান ও উত্তরা অঞ্চলের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই উদ্যোগ।

/এএন


Logo