×
Logo

অন্যান্য

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ১২ নভেম্বর, প্রধান অতিথি রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ১২ নভেম্বর, প্রধান অতিথি রাষ্ট্রপতি

বিশ্বের ৮ দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের অংশগ্রহণে আগামী ১২ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মিশরের সর্বোচ্চ পর্যায়ের ক্বারী শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী শায়েখ আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের ক্বারী শায়েখ ওয়াহীদ খাজাইয়ী, ভারতের প্রখ্যাত ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই। এ ছাড়া সৌদি আরব, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের অংশগ্রহণের কথাও রয়েছে।

সম্মেলনে স্বাগতিক বাংলাদেশের প্রখ্যাত ক্বারীগণও অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি এসব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীর সুমধুর ও হৃদয়স্পর্শী তিলাওয়াত উপভোগের সুযোগ পাবেন দেশের কোরআনপ্রেমী মানুষ।

তিনি আরও জানান, বাংলাদেশের এ আন্তর্জাতিক আয়োজন ইতোমধ্যে বিশ্বপরিমণ্ডলে বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআনচর্চা, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রচার-প্রসার, ক্বারী, হাফেজ ও তরুণ আলেমদের প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য ও পুরস্কার অর্জন করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও ইসলামিক স্কলার, দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

/এএন

Logo