প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার নিয়ে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, অংশগ্রহণ, প্রবেশগম্যতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে রাজধানীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ পেয়েছেন মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন সাংবাদিক।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অমনি রেসিডেন্সিতে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও অধিকারসংক্রান্ত সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করা এবং এসব বিষয়ে তথ্য অনুসন্ধান, যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বাড়ানো।
এতে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি)-এর ২৯ নম্বর ধারা-সংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে সংবাদ-ভাবনা নির্বাচন, শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি বাছাই এবং নির্বাচনী প্রবেশগম্যতাবিষয়ক বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।
পাশাপাশি নির্বাচনী প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য ও প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত করা এবং অধিকার ও জবাবদিহির বিষয়গুলো অনুসন্ধানের অনুশীলন করেন অংশগ্রহণকারীরা। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা ও অধিকার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে সংবাদে সম্পৃক্ত করার জন্য সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতিও শেখানো হয়। এ ক্ষেত্রে সাক্ষাৎকারদাতার সম্মতি, মর্যাদাপূর্ণ ভাষা এবং যথাযথ শব্দচয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় বি-স্ক্যানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার।
ইপিডির পক্ষে কর্মশালায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক।
কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলাঙ্গন বিভাগের রিপোর্টার-এডিটর রাবেয়া বেবী। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।
বি-স্ক্যানের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমের উপস্থাপনায় দয়া বা সহানুভূতির পরিবর্তে মানবাধিকার, সমতা ও নাগরিক অধিকারের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি। সংস্থাটির মতে, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা নির্বাচনী গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে তাঁদের মর্যাদাপূর্ণ উপস্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
/এনএ