১৪ নভেম্বর ঢাবিতে অনুষ্ঠিত হবে আর্টস ফ্যাকাল্টি ইউনিটি রান, অংশ নেবে ৬০০ দৌড়বিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি ইউনিটি রান ২০২৬’। এতে অংশ নেবেন ৬০০ জন দৌড়বিদ। ৫ ও ১০ কিলোমিটার—দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ দৌড়।
‘ইতিহাসের পথে দৌড়, ঐক্যের জন্য প্রতিযোগিতা’ (Run Through History, Race for Unity) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও পরিচিত স্থানগুলোর পাশ দিয়ে দৌড়াবেন। এতে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, ফিটনেসপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দৌড়বিদ অংশ নেবেন। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন। মেডিকেল পার্টনার পপুলার এবং হাইড্রেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে চুমুক।
আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম দীর্ঘ দূরত্বের দৌড়ের আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক শিক্ষার্থীদের দৌড় সংগঠন বাংলাদেশি ম্যারাথন এনথুসিয়াস্টস (বিএমই) এ আয়োজনের নেতৃত্ব দিচ্ছে। কলা অনুষদের সঙ্গে যৌথভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রক্টর অফিসের অনুমতি নিয়ে আয়োজনটি করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ৫ কিলোমিটার ফান রান ও ১০ কিলোমিটার রান—এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কিট এক্সপো। ১৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায় শুরু হবে মূল দৌড়।
/এসআইএন