×
Logo

অন্যান্য

পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা করলো বিআরটিএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা করলো বিআরটিএ

'জাতীয় নিরাপদ সড়ক দিবস' ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২ নভেম্বর), রাজধানীর তেজগাঁওয়ে, বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএ ঢাকা মেট্রো 'সার্কেল-২', ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সিআইপিআরবি।

কর্মসূচির আওতায় পেশাদার মোটরযান চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি, সুস্বাস্থ্য বজায় রাখা, নিজেদের শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা মনে করেন, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই চালকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এআই

Logo