×
Logo

অন্যান্য

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামোগত সংস্কার ও কার্যকর স্ব-নিয়ন্ত্রণের তাগিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামোগত সংস্কার ও কার্যকর স্ব-নিয়ন্ত্রণের তাগিদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সামগ্রিক কাঠামোগত সংস্কার ও কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনেরা।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) আয়োজনে বিভাগীয় মতবিনিময় সভায় তারা এ তাগিদ দেন। 

হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ-এর অর্থায়নে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের (সিএফএলআই) আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে আইন, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় সমন্বিত সংস্কার প্রয়োজন। পাশাপাশি সম্পাদকীয় স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং পাঠক-দর্শকদের অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হলে গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপের সুযোগ কমবে। সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নিজস্ব জবাবদিহি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ বলেন, খণ্ডিত পদক্ষেপে বিদ্যমান সমস্যার টেকসই সমাধান হবে না। কাঠামোগত সংস্কারের জন্য স্বাধীন স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন এবং কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন।

চ্যানেল এসের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক রেজোয়ানুল হক রাজা বলেন, পেশাদার সাংবাদিকতা ও নিজেদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে বাইরের চাপ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব।

সভায় সাংবাদিকদের সময়মতো বেতন, নিয়োগপত্র, আইনানুগ সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে গণমাধ্যম সংস্কার ও স্ব-নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় ঢাকার বাইরের সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন অংশগ্রহণকারীরা।

/এএন

Logo