×
Logo

অন্যান্য

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’

স্মার্টফোনে ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ তৈরি করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড।

অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের লক্ষ্য হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানো। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাপটিতে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার স্ক্যানিং, ফিশিং ও স্মিশিং (এসএমএসের মাধ্যমে প্রতারণা) প্রতিরোধ, ভুয়া অ্যাপ শনাক্তকরণ, র‍্যানসমওয়্যার সতর্কতা এবং ক্ষতিকর ওয়েবসাইট ও ট্র্যাকার ব্লক করার সুবিধা রয়েছে। বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও অনলাইন ব্যাংকিং অ্যাপের পাশাপাশি অনলাইন কেনাকাটার (মার্চেন্ট) অ্যাপ এবং মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারকারীদের জন্যও বিশেষ সতর্কবার্তার ব্যবস্থা রাখা হয়েছে।

অনলাইনে প্রতারণার অন্যতম কৌশল হলো পরিচিত প্রতিষ্ঠান বা আর্থিক সেবার নাম ও পরিচয় নকল করে ভুয়া ওয়েবসাইট, অ্যাপ কিংবা বার্তা ছড়িয়ে দেওয়া। এসব ফাঁদে পড়ে ব্যবহারকারীরা পিন, ওটিপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে ফেলতে পারেন।

‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ এসএমএসের নোটিফিকেশনে আসা ক্ষতিকর লিংক শনাক্ত করে তাতে ট্যাপ করার আগেই ব্যবহারকারীকে সতর্ক করে। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে থাকা ওয়েবসাইটের ঠিকানাও এটি হুমকি-তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখে এবং ফিশিং সাইট হলে সতর্ক করে। এছাড়া, সন্দেহজনক কোনো ফোন নম্বরে কলব্যাক করার আগে নম্বরটি যাচাই করার সুবিধাও রয়েছে।

ভুয়া অ্যাপ শনাক্তে প্রতিটি অ্যাপের প্যাকেজ নাম ও ডিজিটাল সাইনিং সার্টিফিকেট অফিশিয়াল অ্যাপের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ গুগল প্লের বাইরে থেকে ইনস্টল বা হালনাগাদ করা হলে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় যে এটি গুগল প্লের সংস্করণ নয় এবং এতে পিন বা ওটিপি দেওয়া উচিত নয়।

এছাড়া, গুগল প্লের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে অতিরিক্ত গভীর স্ক্যানের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ফাইলের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হয়, যার মধ্যে মডিফাইড অ্যাপে কোড লুকানোর জন্য ব্যবহৃত বাড়তি ‘স্প্লিট’ ফাইলও রয়েছে। প্রয়োজন হলে তবেই ফাইলটি পূর্ণ স্ক্যানের জন্য আপলোড করা হয়, ফলে মোবাইল ডেটাও সাশ্রয় হয়। 

প্রতিষ্ঠানটি জানায়, শুধু নাম কোনো ব্যাংক বা ব্র্যান্ডের মতো দেখাচ্ছে বলে গুগল প্লের কোনো অ্যাপকে ক্ষতিকর বলা হয় না; পরিচিত ম্যালওয়্যারের সঙ্গে মিলের মতো সুনির্দিষ্ট প্রমাণ পেলেই কেবল কোনো অ্যাপকে বিপজ্জনক চিহ্নিত করা হয়। এ ছাড়া ফোনকলের পরপরই কোনো ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ খোলা হলে ব্যবহারকারীকে পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে মনে করিয়ে দেয় অ্যাপটি। প্রতিষ্ঠানটির দাবি, এ জন্য লেনদেনের কোনো তথ্য পড়া হয় না।

রিয়েল-টাইম সুরক্ষা ও স্বয়ংক্রিয় হালনাগাদ

নতুন কোনো অ্যাপ ইনস্টল হলে তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়, ফলে ক্ষতিকর অ্যাপ ফোনে আসামাত্রই শনাক্ত হতে পারে। ডিজিটালি স্বাক্ষরিত নতুন হুমকি-তথ্য দিনভর স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়, তাই সুরক্ষা হালনাগাদ রাখতে অ্যাপ আপডেটের জন্য অপেক্ষা করতে হয় না। অ্যাপ বন্ধ রাখলেও স্ক্যান পেছনে চলতে থাকে এবং নোটিফিকেশনে এর অগ্রগতি দেখা যায়। প্রায় প্রতি ১৫ দিনে একবার স্বয়ংক্রিয় স্ক্যানও চলে, যা চাইলে বন্ধ রাখা যায়। ব্যাটারির চার্জ কম থাকলে এই স্ক্যান অপেক্ষা করে।

র‍্যানসমওয়্যার ও ব্যক্তিগত ফাইলের সুরক্ষা

অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হলো র‍্যানসমওয়্যারের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে আগাম সতর্কতা। এ ধরনের ক্ষতিকর সফটওয়্যার সাধারণত ডিভাইসের ফাইল আটকে দিয়ে বা এনক্রিপ্ট করে অর্থ দাবি করে। স্বাধীন বাংলা নির্দিষ্ট ডিকয় (ফাঁদ) ফাইলের হঠাৎ পরিবর্তন, নাম বদল বা মুছে যাওয়ার মতো কার্যক্রম পর্যবেক্ষণ করে সম্ভাব্য ঝুঁকির সংকেত দেয়।

এতে ব্যক্তিগত অ্যাপ পিন বা আঙুলের ছাপ দিয়ে লক করা এবং ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল এনক্রিপ্ট করা ভল্টে রাখার সুবিধা রয়েছে, যা শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে। কোন অ্যাপ ফোনের সংবেদনশীল অনুমতি ব্যবহার করতে পারে তা এক জায়গায় দেখা, কোনো পাসওয়ার্ড পরিচিত ডেটা ফাঁসের ঘটনায় প্রকাশ পেয়েছে কি না যাচাই করা এবং অনিরাপদ বা নকল ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্পর্কে সতর্কতার সুবিধাও রয়েছে। ফোনের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করে সহজ ভাষায় করণীয় জানিয়ে দেয় অ্যাপটি।

মোবাইল ডেটা ও টাকার সাশ্রয়

অ্যাপটির একটি ব্যতিক্রমী দিক হলো মোবাইল ডেটা সাশ্রয়ের হিসাব। ট্র্যাকার ও ক্ষতিকর ওয়েবসাইট লোড হওয়ার আগেই ব্লক করায় সেই ডেটা ফোনকে আর ডাউনলোড করতে হয় না। অ্যাপের ‘প্রোটেকশন সামারি’তে কত মেগাবাইট ডেটা সাশ্রয় হয়েছে এবং বাংলাদেশের প্রচলিত ডেটা প্যাকের দাম অনুযায়ী তার আনুমানিক মূল্য কত টাকা, তা দেখানো হয়। শুধু মোবাইল ডেটায় সাশ্রয় হওয়া অংশই টাকার হিসাবে ধরা হয়। 

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা

সাইবার নিরাপত্তার পাশাপাশি ব্যবহারকারীর তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির দাবি, ফোনে থাকা ছবি, ভিডিও ও নথি কখনো ফোনের বাইরে পাঠানো হয় না; ফাইলের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ব্যবহার করে যাচাই করা হয়। গুগল প্লের বাইরের অ্যাপের ফাইল স্ক্যানের প্রয়োজন হলে তা শুধু প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে স্ক্যান করা হয়; ফাইলটি কারও সঙ্গে শেয়ার করা হয় না এবং স্ক্যানের পর রাখা হয় না। ফ্রেড ইন্টেলিজেন্সের প্রকাশিত গোপনীয়তা নীতিতে আরও বলা হয়েছে, এসএমএসের নোটিফিকেশনে সন্দেহজনক লিংক পাওয়া গেলে শুধু লিংকটি যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে, মূল বার্তার সম্পূর্ণ লেখা নয়।

অ্যাপটির ওয়েব সুরক্ষা ফোনের ভেতরেই স্থানীয় ফিল্টার হিসেবে কাজ করে। এতে দূরবর্তী কোনো ভিপিএন সার্ভার নেই, ব্যবহারকারীর আইপি ঠিকানা বদলায় না এবং এইচটিটিপিএস সংযোগ ডিক্রিপ্ট করা হয় না। শুধু ডোমেইন নাম যাচাই করা হয়, পুরো ওয়েব ঠিকানা বা পেজের বিষয়বস্তু নয়। কিছু ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ ভিপিএন চালু থাকলে খুলতে চায় না; এ জন্য ‘ব্যাংকিং কম্প্যাটিবিলিটি মোড’ রাখা হয়েছে, যা শুধু গুগল প্লে থেকে আসা বা যাচাইকৃত ডিজিটাল স্বাক্ষরযুক্ত আসল অ্যাপের ক্ষেত্রে ওয়েব সুরক্ষা সাময়িকভাবে থামায় এবং অ্যাপ থেকে বের হলে আবার চালু করে। 

/এএন

Logo