গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
আইএফআইসি ব্যাংক গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি'র ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাংকিং খাতের প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা বদলেছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার ওপর আরও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই আইএফআইসি ব্যাংক আরও শক্তিশালী ও স্থিতিশীল একটি ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আমরা এমন এক আইএফআইসি রেখে যেতে চাই, যা আগামী পঞ্চাশ বছরেও মানুষের বিশ্বাস ও নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকটির অর্ধশতাব্দীর পথচলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করা হয়।
/এএন