×
Logo

অন্যান্য

‘মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু শাহীন কেয়ার্স ট্রাস্টের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম

‘মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু শাহীন কেয়ার্স ট্রাস্টের

‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’, এই লক্ষ্য সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকার ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘শাহীন কেয়ার্স ট্রাস্ট’ (এসসিটি)। 

রাজধানীর বনানী ক্লাব লিমিটেডের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের উদ্বোধনের পাশাপাশি সাতারকূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (এসপিইউএস) সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’, এই মূলমন্ত্র ধারণ করে গড়ে ওঠা ট্রাস্টটির লক্ষ্য সমাজের বৈষম্য দূর করতে ভূমিকা রাখা এবং সবার জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা। বাংলাদেশ, উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে থাকা শাহীন পরিবারের সদস্যদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।

ট্রাস্ট গঠনের উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে প্রায় দুই বছরের আলোচনা ও পরামর্শের মধ্য দিয়ে। কলেজের, ১৯৮৯ সালের, প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ থেকে এই উদ্যোগ নেন।

অনুষ্ঠানের শুরুতে, ব্যাঙ্কুয়েট হলের প্রবেশদ্বারে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান ট্রাস্টের বোর্ড সদস্য সেলিন সুলতানা, ফাজল সালাউদ্দিন ও রোজানা রউফ। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে বিশেষ আবেগের সৃষ্টি করে।

স্বাগত বক্তব্যে শাহীন কেয়ার্স ট্রাস্টের চেয়ারপারসন দাতা মাগফুর অংশীদারিত্ব ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'এই অর্থপূর্ণ উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। টেকসই উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের এই যাত্রায় আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।'

চেয়ারপারসনের বক্তব্যের পর শুরু হয় ‘জার্নি অব ৮৯’ পর্ব। এ সময় ট্রাস্টের বোর্ড সদস্য শাহনাজ শারমীন সংস্থাটি গড়ে ওঠার পেছনের গল্প তুলে ধরেন।

তিনি জানান, শিক্ষাজীবন শেষ করে বন্ধুরা নিজ নিজ কর্মজীবনে প্রবেশের পর একসময় উপলব্ধি করেন, সমাজ ও মানুষের জন্য সম্মিলিতভাবে কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকেই শাহীন কেয়ার্স ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই যাত্রায় দেশে ও প্রবাসে থাকা বন্ধুদের নিঃস্বার্থ সহযোগিতা ও সমর্থনের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

এরপর ডিজিটাল পর্দায় প্রদর্শিত হয় ‘দ্য জার্নি অব ৮৯’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্র। এতে ট্রাস্টের সূচনালগ্নের স্মৃতি এবং ১৯৮৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সোনালি দিনগুলো তুলে ধরা হয়।

তথ্যচিত্র প্রদর্শনের পর কেক কেটে শাহীন কেয়ার্স ট্রাস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারপারসন দাতা মাগফুর। এ সময় ট্রাস্টের অন্য ট্রাস্টিরাও উপস্থিত ছিলেন। 

একই অনুষ্ঠানে সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট www.shaheencares.org উদ্বোধন করা হয়।

/এআই 

Logo