×
Logo

অন্যান্য

বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ ৪ স্বর্ণসহ ৬ সম্মাননা অর্জন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম

বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ ৪ স্বর্ণসহ ৬ সম্মাননা অর্জন

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মানজনক আন্তর্জাতিক মেধাভিত্তিক প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে নীলফামারীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির ছয় শিক্ষার্থী চারটি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং একটি বিশেষ সম্মাননাসহ মোট ছয়টি পুরস্কার ছিনিয়ে এনে দেশের নাম উজ্জ্বল করেছে।

জানা গেছে, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি-২০২৬। আন্তর্জাতিক মানের এই আসরে আয়োজক দেশ ইন্দোনেশিয়া ছাড়াও ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ভাষা দক্ষতা, কার্যকর নেতৃত্ব এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত বিভিন্ন সেশনে বিশ্বমঞ্চের তুখোড় প্রতিযোগীদের পেছনে ফেলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিকের শিক্ষার্থীরা।ণ

প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর প্রত্যেকেই পদক নিশ্চিত করে বিরল কৃতিত্ব স্থাপন করেছে। তাদের ঝুলিতে জমা পড়েছে মর্যাদাপূর্ণ চারটি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা স্মারক।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ অনন্য অর্জনে গভীর উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিশ্বমঞ্চে এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের পাঠদান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারেরই প্রতিফলন। কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় নির্দেশনায় শিক্ষার্থীরা এ সাফল্য ছিনিয়ে এনেছে, যা ভবিষ্যতে তাদের আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে।

এদিকে শিক্ষার্থীদের এমন চোখধাঁধানো বিজয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ গোটা উত্তরাঞ্চলের শিক্ষা পরিবারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

/এএ 

Logo