সবুজ শহরের লক্ষ্যে’ হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউসিআর হাফ ম্যারাথন ২০২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অনন্য বার্তা নিয়ে আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় রানিং প্ল্যাটফর্ম উত্তরা কো-রানার্স আয়োজিত ‘UCR HALF MARATHON 2026 | Edition-5’। ওষুধ প্রস্তুতকারী ব্র্যান্ড ‘প্যান্টোনিক্স’ (Pantonix)-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবারের ম্যারাথনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে RUN FOR A GREENER CITY।
রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল অ্যাম্পিথিয়েটার প্রাঙ্গণ থেকে শুরু হবে এই বর্ণাঢ্য মেগা রানিং ইভেন্ট। দেশ-বিদেশের পেশাদার ও শখের দৌড়বিদ মিলিয়ে চার ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪ হাজার প্রতিযোগী এতে অংশ নেবেন।
ক্যাটাগরি ও অংশগ্রহণকারীদের বিবরণ:
২১.১ কিলোমিটার (মূল হাফ ম্যারাথন): ১,১০০ জন রানার
১৫ কিলোমিটার রান: ৯০০ জন রানার
৭.৫ কিলোমিটার রান: ১,৮০০ জন রানার
১ কিলোমিটার (কিডস ও ফ্যামিলি ফান রান): ২০০ জন শিশু ও অভিভাবক
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক জীবনের যান্ত্রিকতা কাটিয়ে সুস্থ ও সক্রিয় জীবনধারা চর্চার পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। বিশেষ করে ব্যক্তিগত ও সামাজিক পর্যায় থেকে শহরকে দূষণমুক্ত ও সবুজ রাখার বিষয়ে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
ইভেন্টের রেস ডিরেক্টর মোহাম্মদ মাসুম বলেন, দৌড় কেবল একটি শারীরিক ব্যায়াম নয়, এটি সমাজে ইতিবাচক রূপান্তরের অন্যতম বড় মাধ্যম। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে মানুষ যেমন নিজের সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হবে, তেমনই নিজ নিজ অবস্থান থেকে চারপাশকে সুন্দর ও সবুজ রাখার দায়িত্বও কাঁধে তুলে নেবে। একটি দূষণমুক্ত নগরী গড়তে আসুন আমরা সবাই একসঙ্গে শপথ নিই।
/এএ