অষ্টম শ্রেণির সামিনের উদ্ভাবনে সাফল্য, ‘ব্রেইলব্রিজ’ পেল গোল্ড ট্রফি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এর 'কনসিউমার ও ইনক্লুশন' বিভাগে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড ট্রফি অর্জন করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিন ইয়াসার। তার উদ্ভাবনী প্রকল্পের নাম ‘ব্রেইলব্রিজ’।
বিভিন্ন শিক্ষাস্তরের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেছে সামিন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি পলিটেকনিক পর্যায়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পটভূমির অংশগ্রহণকারীরাও এ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন হয়ে অষ্টম শ্রেণির সামিনের এই অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য।
তার পুরস্কারজয়ী প্রকল্প ব্রেইলব্রিজ মূলত দৃষ্টিপ্রতিবন্ধী ও ব্রেইল ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষাসামগ্রীকে আরও সহজলভ্য করার একটি সহায়ক প্রযুক্তি উদ্যোগ। প্রচলিত ব্রেইল বইয়ের আকার, খরচ ও বহনের অসুবিধার কথা বিবেচনায় রেখে প্রকল্পটি ডিজিটাল তথ্যকে একটি ব্যবহারযোগ্য স্পর্শনির্ভর মাধ্যমে পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল তথ্য ও ব্রেইল পাঠের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই ব্রেইলব্রিজ এর মূল লক্ষ্য।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এ সাফল্য সামিনকে নিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়েও। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সে আন্তর্জাতিক রাউন্ডে অংশ নেবে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস (এপিআইসিটিএ)-এ, যা ‘আইসিটি অস্কারস’ নামেও পরিচিত।
এবারের আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। সেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের উদ্ভাবকদের সামনে নিজের প্রকল্প ‘ব্রেইলব্রিজ’ উপস্থাপনের সুযোগ পাবে সামিন।
অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেই উদ্ভাবনী প্রকল্প নিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া সামিনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তবে ‘ব্রেইলব্রিজ’ এর গুরুত্ব শুধু একটি প্রতিযোগিতার পুরস্কারে সীমাবদ্ধ নয়। বাস্তব একটি অন্তর্ভুক্তিমূলক চ্যালেঞ্জকে প্রযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টা এবং শিক্ষাকে আরও সহজলভ্য করার চিন্তাই প্রকল্পটির মূল শক্তি।
/এএন