আবাসন অর্থায়নে সাফল্যের ৩০ বছর পূর্ণ করল ডিবিএইচ ফাইন্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
দেশের শীর্ষস্থানীয় হোম লোন বা গৃহঋণ বিশেষজ্ঞ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণ সেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা এবং দেশের সার্বিক আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার মধ্য দিয়ে সফলতার ৩০ বছর পূর্ণ করেছে।
১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই ডিবিএইচ দেশের গৃহঋণ খাতের প্রসারে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। গত তিন দশকে প্রতিষ্ঠানটি দেশের ৬০ হাজারেরও বেশি পরিবারকে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে, যার মাধ্যমে বহু মানুষের নিজস্ব আবাসের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। গ্রাহককেন্দ্রিক সেবা, দক্ষ ঋণ ব্যবস্থাপনা এবং অনন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতার কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে একটি নির্ভরযোগ্য আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
৩০ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেন বলেন, ৩০ বছর পূর্ণ করা ডিবিএইচ-এর জন্য নিঃসন্দেহে অত্যন্ত গর্বের একটি মাইলফলক। তবে এর চেয়েও বড় অর্জন হলো হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অংশীজনদের দীর্ঘদিনের অবিচল আস্থার প্রতিফলন।
আমাদের লক্ষ্য অত্যন্ত সুস্পষ্ট—আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানা সহজ করা এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে কাজ করা। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সেবার মাধ্যমে আবাসন খাতকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
দীর্ঘ পথচলায় কঠোর আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রেখে অনন্য নজির সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। ডিবিএইচ টানা ২১ বছর দেশের শীর্ষ ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করে আসছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির খেলাপী ঋণের হার কখনোই ১ শতাংশ অতিক্রম করেনি, যা ডিবিএইচের কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও বিচক্ষণ ঋণ কার্যক্রমেরই প্রমাণ।
বর্তমানে ডিবিএইচ দেশজুড়ে ১৯টি শাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রচলিত (কনভেনশনাল) এবং শরিয়াহভিত্তিক ইসলামী—উভয় অর্থায়ন কাঠামোর আওতায় সাশ্রয়ী গৃহঋণ সেবা দিয়ে আসছে। আগামী দিনে এই তিন দশকের দক্ষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী সেবার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব আবাসন অর্থায়নে বিশেষ জোর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
/এএ