রাজধানীতে ডিজিটাল রাইটের ‘ফ্যাক্টফেস্ট ২০২৬’ সম্মেলনের আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
শিশুরা এমন একটি তথ্যব্যবস্থার মধ্যে বেড়ে উঠছে, যেখানে কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা যাচাই করার প্রয়োজনীয় সরঞ্জাম তাদের দেওয়া হচ্ছে না। শিশুরা যদি পুরো তথ্যব্যবস্থাকে বুঝতে ও বিশ্লেষণ করতে পারে, তবেই সমাজের উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন ফ্যাক্টফেস্ট ২০২৬ এর বক্তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে ডিজিটাল রাইটের আয়োজনে ‘ফ্যাক্টফেস্ট ২০২৬’ সম্মেলনের বক্তরা এ কথা বলেন।
সম্মেলনে জনসাধারণের আস্থা জোরদারে তথ্য যাচাইয়ের ভূমিকা নিয়ে আয়োজিত একটি প্যানেল আলোচনায় চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাসনিম জারা সাইবারস্পেসকে শিশুদের জন্য আরও নিরাপদ করতে আমরা কী করছি, তা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সহজ নির্দেশিকা ও প্রয়োজনীয় দক্ষতা দেওয়া হলে শিশুরা কোনো তথ্য নির্ভরযোগ্য কি না, তা যথেষ্ট ভালোভাবে শনাক্ত করতে পারে।
তাসনিম জারা বলেন, বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই, আমাদের স্কুল পর্যায় থেকেও এসব শেখানো প্রয়োজন। যাতে শিশুরা বর্তমান বিশ্বের সঙ্গে চলার জন্য প্রয়োজনীয় সচেতনতা ও দক্ষতা নিয়ে বড় হতে পারে।
একই আলোচনায় স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. ডিন এম সুমন রহমান বলেন, শিশুরা যদি পুরো তথ্যব্যবস্থাকে বুঝতে পারে, তাহলে সমাজ আরও ভালো অবস্থানে যাবে।
তিনি বলেন, মিথ্যা তথ্য অনেক সময় সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষের কাছে সত্য সবসময় আকর্ষণীয় না হওয়ায় তথ্য যাচাইকারীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়। তাই যাচাই করা তথ্য মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাও জরুরি।
আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও উদ্বেগের কথা প্রকাশ করে তিনি আরও বলেন, এআই নিয়ে সাইবার সিকিউরিটি আইনের একটি ছোট অংশের পরিবর্তে পৃথক আইন প্রয়োজন।
এসময় ইউএনডিপি বাংলাদেশ এর সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক বলেন, ডিপফেকসহ এআই নির্ভর মিথ্যা তথ্যের বিস্তারের কারণে তথ্য যাচাইকারীরা নৈতিকতা ও কার্যকর ব্যবহারের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে আস্থার সম্পর্ক রয়েছে এবং আস্থার ভিত্তি হলো সত্য। আস্থা দুর্বল হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও নতুন করে পর্যালোচনা করতে হয়।
উল্লেখ্য, সম্মেলনের দুই দিনে প্যানেল আলোচনা, গোলটেবিল বৈঠক ও তিনটি কর্মশালাসহ মোট ১৪টি সেশন অনুষ্ঠিত হবে।
/এএন