খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ না হলে দেশ পিছিয়ে যাবে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃবিভাগীয় 'অনূর্ধ্ব-১৬' বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘ক্রীড়া হচ্ছে এমন একটি আনন্দিত বিষয় যে, যেকোনো মানুষকে তার সুখ-দুঃখের মধ্যেও আনন্দ দিতে পারে। যখন একটি জাতির শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা তাদের নৈপুন্য দেখায়, তখন সমগ্র জাতির মন আনন্দে ভরে ওঠে। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সাফল্যের কথা যখন আমরা জানতে পাই, তখন আমাদের মনটা আনন্দে ভরে উঠে এবং মনে হয় যে আমরা পিছিয়ে পড়া জাতি নই।’
সমাজে অনেক বাধা আছে উল্লেখ করে রিজভী বলেন, 'আমরা জানি, আমাদের সমাজে অনেক বাধা আছে। কিন্তু পৃথিবীর প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষকরে, খেলাধুলার সেক্টরে। নারীদের মধ্যে যদি আমরা একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ পাই, তাহলে বিশ্বের দরবারে আমাদের মাথা উচু করে দেয়। অন্যান্য সেক্টরের নারীদেরকেও উজ্জীবিত করে।'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রত্যেকটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অন্যথায় আমরা পিছিয়ে যাব। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি জোরালোভাবে অনুধাবন করেছেন। এজন্য তিনি নতুন কুঁড়ি স্পোর্টস করেছেন। যে যোগ্য তাকে সম্মান দেখাতে হবে। প্রতিটি মহানগর, জেলায় জেলায় এধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু ক্রীড়ায় তাদের অংশগ্রহণ যদি মাত্র পাঁচ ভাগ বা দশ ভাগ হয়; তাহলে সমাজ আগাবে না। আমরা পিছিয়েই থাকবো। নারীদের অংশীদারত্ব সর্বত্র সমান থাকতে হবে। নারীদেরকে খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশর প্রতিনিধিত্ব করতে হবে এবং সুনাম অর্জন করতে হবে।’
এ সময় বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও জানান রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'ঢাকা-২' আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, এমপি, সংসদ সদস্য, এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা খানম।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের কিশোরী ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দরজা খুলছে। এই প্রথম আয়োজিত হয়েছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা।
দেশের আট বিভাগের ১৬ জেলার প্রায় ৩শ' কিশোরী প্রতিযোগিতায় অংশ নেবে। জেলাগুলো হলো, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর ও রংপুর।
/এআই