গোল্ডকোস্টে বিজিপিএএর বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ এএম
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সাধারণ সভা, ক্লিনিক্যাল ও এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী আয়োজনে দেড় শতাধিক চিকিৎসকসহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন। সকালে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে কিনোট স্পিকার ছিলেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের কুইন্সল্যান্ড চেয়ার ডা. ক্যাথেরিন হেস্টার। এতে বাংলাদেশি বংশোদ্ভূত বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক প্রেজেন্টেশন দেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত বিজিপিএএ বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত প্রায় ১১০০ বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। সেমিনার শেষে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা।
সন্ধ্যায় নেরাং বাইসেন্টেনিয়াল হলে অনুষ্ঠিত হয় গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘আবার এলো যে সন্ধ্যা’। এতে বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি ও নাট্যনাচের আয়োজন ছিল। বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ সরকারের ক্যানবেরা হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন, প্রবীণ জেনারেল প্র্যাকটিশনার ডা. আব্দুর রশীদ আলমগীর ও ডা. কামাল উদ্দিন আহমেদকে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজিপিএএর কালচারাল কমিটির পরিবেশনায় কৌতুকধর্মী হাইব্রিড যাত্রাপালা দর্শকদের মাতিয়ে রাখে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবার দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে দিনটি উদযাপন করেন।
আগামী বছর বিজিপিএএর বার্ষিক সম্মেলন, ক্লিনিক্যাল ও এডুকেশনাল কনফারেন্স এবং সাংস্কৃতিক সন্ধ্যা সিডনিতে অনুষ্ঠিত হবে।
/এসআইএন