জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ ২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬' শীর্ষক দেশব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
বাংলাদেশের যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এই বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী উদ্ভাবকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে আগামী ৩০ অক্টোবর প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার শর্তানুযায়ী, অংশগ্রহণকারীদের নিজস্ব উদ্ভাবিত মডেল সশরীরে উপস্থিত হয়ে উপস্থাপন করতে হবে। ধারণাটি হতে হবে সম্পূর্ণ মৌলিক ও অনন্য; পূর্বে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো প্রজেক্ট এতে গ্রহণযোগ্য হবে না। অংশগ্রহণকারীরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানের উপস্থিতিতে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনের সুযোগ পাবেন।
আয়োজক সূত্রে জানা যায়, বিজয়ীদের জন্য রয়েছে গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলের সম্মাননা। এছাড়া উদ্ভাবন বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ৫ জন বিজয়ীকে নিজেদের স্টার্টআপের জন্য আকর্ষণীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://zrf.info/registration) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
/এএ