×
Logo

অন্যান্য

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা

ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ (১২ থেকে ১৭ রবিউল আউয়াল) উপলক্ষে রাজধানী ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

‘মহানবীর আগমন: হেদায়েত ও ঐক্যের আলোকবর্তিকা’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড: আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও আল-কুদস কমিটি বাংলাদেশের সভাপতি ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী ও ঢাকাস্থ ইরানের আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখি রাদ। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর গাওসুল আজম জামে মসজিদের খতিব ও শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক।

খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল ও বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদি মৌলায়ী অরনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইয়ামে জাহেলিয়ার যুগে আরবে মানবতা যখন বিপন্ন হয়ে পড়েছিল, তখন মহান আল্লাহ তায়ালা মক্কার কুরাইশ বংশে মানবতার মুক্তির দূত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেন। তিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষকে মুক্তির দিশা দেখিয়েছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বে বর্তমানে যে বিভেদ ও সংকট রয়েছে, তা দূর করতে হলে মহানবী (সা.)-এর পথ অনুসরণ এবং তাঁর নির্দেশনা মেনে চলতে হবে। রাসুল (সা.) সবসময় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। মুসলমানরা যদি তাঁর ঐক্যের আহ্বান অনুসরণ করে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে পারে, তাহলে মুসলিম বিশ্বের বর্তমান অনেক সমস্যার সমাধান সম্ভব।

/এআই 




Logo