×
Logo

অন্যান্য

পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, ডিবির অভিযানে গ্রেফতার নারীসহ ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম

পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, ডিবির অভিযানে গ্রেফতার নারীসহ ২

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে পর্নোগ্রাফি তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে এক তরুণীসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–সোশ্যাল ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও খাজা সাকলাইন ফারুক (৩০)। 

বুধবার (১৯ আগস্ট) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, একটি চক্র পর্নোগ্রাফি ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব ব্যবহার করা হতো।

প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে ডিবি। এরপর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আইফোন ও একটি ওয়ানপ্লাস মোবাইল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারীর কাছ থেকে পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরির সঙ্গে জড়িত তার এক সহযোগীর তথ্য পাওয়া যায়। পরে একই দিন বাড্ডা লিংক রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মুঠোফোনের তথ্য বিশ্লেষণে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন, বিক্রি ও আর্থিক লেনদেনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কার্যক্রমের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা মুঠোফোনগুলো ফরেনসিক ও প্রযুক্তিগতভাবে পরীক্ষা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব, আর্থিক লেনদেন এবং অন্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

/এমএইচআর

Logo