অর্থের অভাবে থমকে আছে ক্যান্সার আক্রান্ত হেনারার চিকিৎসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ক্যান্সারের সঙ্গে লড়ছেন বরিশালের উজিরপুর থানার গ্রামে গাজিরপার গ্রামের গৃহবধূ হেনারা বেগম (৬০)। চিকিৎসার জন্য যা ছিল, সব খরচ করে এখন নিঃস্ব পরিবারটি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার কেমোথেরাপি প্রয়োজন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা প্রক্রিয়া থমকে আছে। চিকিৎসা ব্যাহত হলে রোগের অবস্থা আরও জটিল হয়ে জীবনঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
২০২৩ সালে হেনারা বেগমের মুখের বাম পাশের গালের ভেতরে (লেফট বুকাল মিউকোসা) ক্যান্সার ধরা পড়ে। প্রথমে বরিশালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। রাজধানীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে তিনি চিকিৎসা নেন।
চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও যাতায়াতে প্রায় বিশ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তার কেমোথেরাপির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।
হেনারা বেগম একজন গৃহিণী। তার ছেলেরা কৃষিকাজ ও দিনমজুরের কাজ করেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণ করা হয়েছে, বিক্রি করা হয়েছে ঘরের সামগ্রী। এখন বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই।
হেনারা বেগমের বোন জানান, চিকিৎসা করাতে করাতে তারা নিঃস্ব হয়ে গেছে। এক খণ্ড বসতভিটা ছাড়া তাদের আর কিছু নেই। এখন মানুষের সাহায্য ছাড়া চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
পরিবারের একটাই আবেদন, দ্রুত আর্থিক সহায়তা পেলে হেনারার কেমোথেরাপি সম্পন্ন করা সম্ভব হবে এবং তার সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে নেওয়া যাবে।
হেনারা বেগমের বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৯৫৫৫৯০৫
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর: ১২৭৭০৭৩৮৯২৪৩৮
/এএম