×
Logo

অন্যান্য

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সাংবাদিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সাংবাদিক

দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ। এ সময় বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন ও ট্রেজারার মানস ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমার বিশ্বাস। সদস্যদের পাশে দাঁড়াতে পেরে বিজেসি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই সেবা প্রদান করে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পেয়ে থাকেন। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।

বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাইবাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।

/এমএন

Logo