খুদে ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর নতুন সিজনের রেজিস্ট্রেশন চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
দেশের তৃণমূল পর্যায় থেকে খুদে ও উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা আসরে অংশ নিতে ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের আহ্বান জানানো হয়। গত ১ জুলাই থেকে এই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা'— এই স্লোগানকে ধারণ করে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা গড়ার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই আয়োজন।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সাধারণ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ বছর। অর্থাৎ, যেসব ছাত্র-ছাত্রীর জন্ম ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে, কেবল তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। তবে মেধা ও বুদ্ধির খেলা দাবা ইভেন্টের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। খুদে দাবাড়ুদের উৎসাহিত করতে এই ইভেন্টে বয়সসীমা শিথিল করে ৮ থেকে ১৪ বছর করা হয়েছে। ফলে ৮ বছরের খুদে মাস্টাররাও এবার বড়দের পাশাপাশি দাবার বোর্ডে নিজেদের মেধার লড়াইয়ে প্রমাণ করার সুযোগ পাচ্ছে। দাবা ছাড়া বাকি ৯টি ইভেন্টে অবশ্য মূল বয়সসীমাই বহাল থাকবে এবং একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
নতুন কুঁড়ি স্পোর্টসের এবারের আসরে মোট ১০টি আকর্ষণীয় ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন ও দাবার পাশাপাশি আধুনিক ও জনপ্রিয় খেলা হিসেবে থাকছে সাঁতার, ভলিবল, টেবিল টেনিস এবং মার্শাল আর্ট। মার্শাল আর্ট ক্যাটাগরির অধীনে কারাতে, উশু, তাইকোয়ানদো ও জুডোর মতো আত্মরক্ষামূলক খেলাগুলোতেও কিশোর-কিশোরীরা অংশ নিতে পারবে। ক্রীড়া পরিদফতরের এই আয়োজনের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখান থেকে উঠে আসা প্রতিভাবানদের পরবর্তীতে দীর্ঘমেয়াদি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গড়ে তোলা হবে। একই সাথে এটি যুব সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র এবং ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি (টট লিস্ট) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট notunkurisports.gov.bd ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
/এএন