কক্সবাজার সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে রাজধানীতে মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু এবং আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স রোগীদের কল্যাণে ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্সের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কক্সবাজারের মতো পর্যটন নগরী ও জনবহুল এলাকায় কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘ তিন বছর ধরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সব যন্ত্রপাতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও দীর্ঘ সময় ধরে সেবাটি চালু না হওয়ায় অসহায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন। তার এই সফরে ডায়ালাইসিস সেন্টারটি চালুর ঘোষণার প্রত্যাশার কথা জানায় তারা। একই সঙ্গে রোগীদের প্রাণ রক্ষায় হাসপাতালের আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি অবিলম্বে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়।
এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।
/এমএন