×
Logo

অন্যান্য

নদী রক্ষায় সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠিত হলো ‘যমুনা ক্রসিং সাঁতার-২০২৬’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

নদী রক্ষায় সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠিত হলো ‘যমুনা ক্রসিং সাঁতার-২০২৬’

নদী দূষণ রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে ব্যতিক্রমধর্মী দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ‘যমুনা ক্রসিং সাঁতার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‍শনিবার (৪ এপ্রিল) যমুনা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করে সাঁতার সংগঠন ‘বেঙ্গল ডলফিন টাঙ্গাইল’। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ২৩ জন দূরপাল্লার সাঁতারু এতে অংশগ্রহণ করেন।

তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ কিলোমিটার ক্যাটাগরিতে ১ম, ২য় এবং ৩য় হন যথাক্রমে- আব্দুল্লাহ আল মাহি (২ ঘণ্টা ২৮ মিনিট), মো: তৌফিকুজ্জামান (২ ঘণ্টা ৩৩ মিনিট), জয়তু দাস (২ ঘণ্টা ৩৪ মিনিট)। ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় হন যথাক্রমে- এ এন এম আল ফারাবী (১ ঘণ্টা ১২ মিনিট), সাইমুন সিয়াম (১ ঘণ্টা ১৩ মিনিট), সাজ্জাদ হোসাইন স্নিগ্ধ (১ ঘণ্টা ১৫ মিনিট)।

এছাড়াও, দক্ষিণ পূর্ব এশিয়ায় তার বয়স ক্যাটাগরিতে সেরা শামসুজ্জামান আরাফাত ২ ঘণ্টা ৫১ মিনিটে সাঁতার সম্পন্ন করেন। প্রতিটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী নদী পাড়ি দিয়ে দক্ষতা ও সহনশীলতার পরিচয় দেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নদী দূষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং জীববৈচিত্র্য রক্ষায় নদীর অপরিসীম গুরুত্ব তুলে ধরা। পাশাপাশি, সাঁতারসহ জলক্রীড়া প্রসারেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যমুনার মতো গুরুত্বপূর্ণ নদীকে রক্ষা করতে এমন সচেতনতামূলক আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

/এনএ 

Logo