×
Logo

অন্যান্য

এক যুগ পার করলো যমুনা টেলিভিশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

এক যুগ পার করলো যমুনা টেলিভিশন

প্রিয় দর্শক, আরেকটা নতুন সকালের শুরু। আপনাদের ভালো লাগার, ভালোবাসার যমুনা টেলিভিশন, দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। 

অবিকল তথ্য, নির্ভীক সাহস, আর অনেক খানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়। সাধারণের যাপিত জীবনের অংশ। 

এই এক যুগের পথ চলায় যমুনার সাহসের সাক্ষী তরুণরা। দেশের প্রতিটি কোণার অন্যায়, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠসহ সব সংবাদে যমুনায় ভরসা তাদের। ২৪ এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও, এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 

এই মাহেন্দ্রক্ষণে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা, শুধু দর্শকের কাছে। 'সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা' বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সেপথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে, সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে-পথে হেটে যেতে চায় বিচ্যুতিহীন। 

যমুনা নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়। নির্দিষ্ট কোনো শ্রেণি কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায়, সব শ্রেণি-পেশার নাগরিকের কথা। দেশ-বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনার কর্মীরা নির্ভিক নাবিকের মতো তরী বেয়ে চলে স্রোতের ঠিক বিপরীতে। তাইতো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা বিজয়গাঁথা।  

দেশে এবং দেশের বাইরে বাংলাভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি। 

শুধু একটি পটপরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়। প্রতিটি বাঁকে, যত ঝুঁকি, যত বাধা বা স্রোতের তীব্রতা—যমুনা এগিয়ে গেছে অদম্য চিত্তে। সব কিছু তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান- এদেশের মাটি ও মানুষ।

যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুকভরা ভালোবাসা। শুধু সেটে নয়, তিন কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। 

/এআই 

Logo