×
Logo

জীবনযাপন

ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন-এনেক্সের যাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন-এনেক্সের যাত্রা

বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানো এবং বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।

এই অংশীদারত্বের আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়েলিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে তারা।

ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও থাকবে কনটেন্টে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহকে গুরুত্ব দিয়ে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরির লক্ষ্য রয়েছে তাদের।

এ ছাড়া নতুন প্রতিভা বিকাশ, সৃজনশীলতার প্রসার এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে কাজের সুযোগ অনুসন্ধান করা হবে। তরুণদের সৃজনশীল অংশগ্রহণ এবং সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেবে উদ্যোগটি।

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এমএমএইচ

Logo