ছবি: এআই-জেনারেটেড
সদ্য প্রেমের বিচ্ছেদে হতাশ আকরাম হোসেন চায়ের আড্ডায় বন্ধুদের সঙ্গে আনমনে বসে ছিলেন। মন খারাপের কারণ জানতে সবাই চেষ্টা করলেও তিনি কিছুই বলছিলেন না। এরই মধ্যে হঠাৎ করে বলে উঠলেন, ‘কাছের মানুষ তাকে বাঁশ দিয়েছে।’ প্রতিনিয়ত তাকে এমন করে বাঁশ খেতে হয়, সেটিও খুব আক্ষেপের সুরে জানাচ্ছিলেন।
তবে এখানে বাগানের সবুজ বাঁশের কথা বলা হচ্ছে না। আক্ষরিক অর্থে বাগানের বাঁশের কথা বলা হচ্ছে না। বরং ‘বাঁশ খাওয়া’ বা ‘বাঁশ দেওয়া’- বাংলা ভাষার একটি প্রচলিত কথ্য রূপক।
বাংলায় ‘বাঁশ দেওয়া’ বলতে সাধারণত কাউকে বিপদে ফেলা, ঠকানো, ক্ষতি করা কিংবা কোনো পরিকল্পনা বা কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করাকে বোঝানো হয়। আবার ‘বাঁশ খাওয়া’ বলতে বোঝায় কোনো পরিস্থিতিতে বিপদে পড়া, অপমানিত হওয়া বা ক্ষতির মুখে পড়া।
ভাষাবিদদের মতে, কথ্য ভাষায় এমনই অনেক শব্দ রয়েছে, যেগুলো আক্ষরিক অর্থ ছাড়িয়ে ভিন্ন অর্থ বহন করে। ‘বাঁশ’ শব্দটির ব্যবহারও তেমনই একটি উদাহরণ। দৈনন্দিন কথোপকথনে মজা, ব্যঙ্গ কিংবা কোনো নেতিবাচক অভিজ্ঞতা বোঝাতে শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে।
আজ বিশ্ব বাঁশ দিবস। ২০১০ সাল থেকে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর পালন করা হচ্ছে এই দিবস। মূলত ‘ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন (ডব্লিউবিও)’ বাঁশের উপকারিতা ভালোভাবে নজরে আনতেই দিবসটি পালন করছে। ২০২৬ সালের দিবসের বার্তায় ডব্লিউবিও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের কৌশলগত সম্পদ হিসেবে বাঁশ বিবেচনার আহ্বান জানিয়েছে।
এবার মূল আলোচনায় আবার ফিরে আসা যাক। দৈনন্দিন জীবনে ‘বাঁশ খাওয়া’ বলতে এমন সব পরিস্থিতিকে বোঝানো হয়, যেখানে কেউ অপ্রত্যাশিতভাবে বিপদে পড়া, ঠকে যাওয়া কিংবা বিব্রতকর অবস্থার মুখোমুখি পরিস্থিতিকে বোঝাতে। এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক-
বন্ধুর কাছ থেকে বিশ্বাসঘাতকতা:
সবচেয়ে প্রিয় কাছের মানুষের থেকে আঘাত পাওয়া অনেক কষ্টের। বন্ধুর কোনো প্রতারণা বা স্বার্থপর আচরণ জীবনে বড় ধাক্কা হয়ে আসতে পারে।
প্রিয় মানুষ হঠাৎ দূরে সরে গেলে:
কোনো কারণ ছাড়াই কাছের মানুষ দূরে সরে গেলে মানসিকভাবে ভেঙে পড়তে হয়। তখন মনে হয়, নিজের অজান্তেই যেন বড় ধরনের ‘বাঁশ’ খেয়ে গেলাম।
ভুল সিদ্ধান্ত নেওয়া:
জীবনের কোনো গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত নিলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। পরে বুঝতে হয়, একটু ভেবে সিদ্ধান্ত নিলে হয়তো ক্ষতি এড়ানো যেত।
অনলাইনে অর্ডার:
ছবিতে সুন্দর দেখে পণ্য অর্ডার করে হাতে পাওয়ার পর অনেকেই হতাশ হন। প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না হলে সেটিও এক ধরনের ‘বাঁশ’ খাওয়া।
পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া:
অনেক পরিশ্রমের পরও প্রত্যাশামতো ফল না এলে হতাশা তৈরি হয়। মনে হয়, এত চেষ্টা করেও যেন কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া গেল না।
সুযোগ হাতছাড়া হওয়া:
জীবনে কিছু সুযোগ বারবার আসে না। সময়মতো সিদ্ধান্ত নিতে না পারলে পরে আফসোস করতে হয়।
ধারে টাকা ফেরত না পাওয়া:
বিশ্বাস করে কাউকে টাকা ধার দেওয়ার পর তা ফেরত না পেলে বিপদে পড়তে হয়। এতে সম্পর্কের পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়।
কথা দিয়ে কথা না রাখা:
কেউ প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করলে বিশ্বাসে আঘাত লাগে। তখন মনে হয়, নিজের সরলতার কারণেই ঠকে গেলাম।
গোপন কথা ফাঁস:
বিশ্বাস করে বলা ব্যক্তিগত কথা অন্য কেউ প্রকাশ করে দিলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এতে সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে।
কাউকে সাহায্য করে উল্টো বিপদে পড়া:
ভালো উদ্দেশ্যে কাউকে সাহায্য করতে গিয়ে অনেক সময় নিজেরই সমস্যা তৈরি হয়। উপকার করতে গিয়ে ক্ষতির মুখে পড়াও জীবনের এক ধরনের ‘বাঁশ খাওয়া’।
অন্যদিকে, বাস্তব জীবনের বাঁশ কিন্তু মোটেও নেতিবাচক কিছু নয়। পরিবেশবান্ধব এই উদ্ভিদ নির্মাণ, আসবাব, খাদ্য, হস্তশিল্প থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মানুষ কথার ছলে ‘বাঁশ খেলেও’, প্রকৃত বাঁশ আজও প্রকৃতি ও মানুষের জন্য এক মূল্যবান সম্পদ।
/এসআইএন