×
Logo

জীবনযাপন

মেসির ছায়া পেরিয়ে নিজের পরিচয়ে আন্তোনেলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মেসির ছায়া পেরিয়ে নিজের পরিচয়ে আন্তোনেলা
  • মডেলিং থেকে ব্যবসা- ফ্যাশন, লাইফস্টাইল ও উদ্যোক্তা হিসেবে নিজের সাম্রাজ্য গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

লিওনেল মেসি আর আন্তনেলা রেকুজ্জোর প্রেম আর পরিনয়ের গল্প অজানা নয়। আন্তোনেলার স্বাভাবিক তারকা খ্যাতি মেসির স্ত্রী হিসেবেই। তবে এ জায়গাতেই থেমে থাকেননি তিনি। মডেলিং, ফ্যাশন, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।

মডেলিংয়ে তার পথচলা শুরু ২০০০-এর দশকের শেষ দিকে। তখন মেসির সঙ্গে তার প্রেম বিশ্বজুড়ে খুব একটা আলোচিত ছিল না। আকর্ষণীয় চেহারা ও স্বাভাবিক উপস্থিতি দিয়ে দ্রুতই বিভিন্ন ব্র্যান্ডের নজরে আসেন তিনি।

২০১৬ সালে আর্জেন্টিনার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রিকি সারকানির সঙ্গে চুক্তিবদ্ধ হন আন্তোনেলা। এই চুক্তিকে তার মডেলিং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হয়। এরপর ফ্যাশন দুনিয়ায় তার পরিচিতি আরও বাড়তে থাকে।

পরের বছরই ব্যবসায়িক জগতে পা রাখেন তিনি। মেসির সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবির সঙ্গে অংশীদারত্বে তিনি বার্সেলোনায় রিকি সারকানির প্রথম ইউরোপীয় বুটিক চালু করেন।

বুটিকটির উদ্বোধনে বার্সেলোনার বেশ কয়েকজন তারকা ফুটবলার উপস্থিত ছিলেন। এতে ফুটবল অঙ্গনের সঙ্গে আন্তোনেলার ঘনিষ্ঠতা যেমন সামনে আসে, তেমনি নিজের পেশাগত পরিচয়ও আরও দৃঢ় করেন তিনি।

তবে তার ব্যবসায়িক পরিধি শুধু ফ্যাশনেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনায় শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘এনফ্যান্স’র সহ-মালিক তিনি। পরিবার ও সন্তানদের প্রতি তার ব্যক্তিগত আগ্রহের সঙ্গেও এই ব্যবসার মিল রয়েছে।

খুচরা ব্যবসাতেও রয়েছে তার সম্পৃক্ততা। আর্জেন্টিনায় ‘সুপারমার্কেট ইউনিকো’ নামে একটি সুপারমার্কেট চেইন পরিচালনার সঙ্গেও যুক্ত আন্তোনেলা।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গেও নিয়মিত কাজ করছেন মেসির স্ত্রী। ২০২৩ সালে ফোনের আনুষঙ্গিক পণ্য নির্মাতা 'কেসটিফাই' এর সঙ্গে যৌথভাবে একটি বিশেষ কালেকশনও বাজারে আনেন তিনি।

এ ছাড়া অ্যাডিডাস, অ্যালো ইয়োগা এবং স্টিলা ম্যাককার্টনি এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন আন্তোনেলা। ফিটনেস, সুস্থ জীবনযাপন ও ফ্যাশন- তার বিভিন্ন ব্র্যান্ড অংশীদারত্বে গুরুত্ব পেয়েছে এসব বিষয়।

২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিয়ারে আরও একটি বড় সংযোজন ঘটে। মেসির সঙ্গে প্রথমবারের মতো অ্যাডিডাস এসেনশিয়ালসের প্রচারণার সামনে আসেন আন্তোনেলা। একই ব্র্যান্ডের হয়ে মেসির সঙ্গে এটিই ছিল তাদের প্রথম যৌথ প্রকল্প।

ফ্যাশন ও ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রভাব রয়েছে আন্তোনেলার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখের বেশি।

সেখানে নিয়মিত নিজের পারিবারিক জীবনের নানা মুহূর্ত, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

বিপুল জনপ্রিয়তা এবং তারকাখ্যাতি সত্ত্বেও আন্তোনেলাকে নিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি বলা হয়, তা হলো তার পরিবারকেন্দ্রিক জীবনযাপন। ঘনিষ্ঠজনদের মতে, এত বড় তারকার স্ত্রী হওয়ার পরও তিনি বেশ বিনয়ী ও মাটির মানুষ।

মেসির স্ত্রী হিসেবে পরিচিতি তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হতে পারে। কিন্তু নিজের ক্যারিয়ার ও ব্যবসায়িক উদ্যোগ দিয়ে আন্তোনেলা রোকুজ্জো দেখিয়েছেন, তার পরিচয়ের পরিধি সেখানেই শেষ নয়।

মডেলিং থেকে ফ্যাশন, ব্যবসা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- নিজের যোগ্যতায় ধীরে ধীরে একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ডে পরিণত হয়েছেন তিনি।

/এমএমএইচ

Logo