×
Logo

আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

রোববার (২৯ নভেম্বর) প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর, মার্চের প্রথম দিকে, তেহরানের পক্ষ থেকে স্টারলিংক সেবা অননুমোদিতভাবে ব্যবহারের দু'টি ঘটনার তথ্য জানতে পারেন ইলন মাস্ক। স্পেসএক্সের সঙ্গে সংশ্লিষ্ট একটি দল এ বিষয়ে অনুসন্ধান করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে বলে ইলন মাস্ককে জানানো হয়। তবে সামরিক বাহিনী স্থলভিত্তিক অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম ব্যয়বহুল একটি পরিকল্পনার আওতায় এ সেবা ব্যবহার করেছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে একটি সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ইরানে, বোমা হামলা শুরু করে। এর জবাবে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ওই সপ্তাহের শুরুতেই নিজের স্যাটেলাইট ইন্টারনেট সেবার দু'টি অননুমোদিত ব্যবহারের খবর জানতে পারেন মাস্ক।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, স্পেসএক্সের একটি দল অনুসন্ধান করে সিদ্ধান্তে পৌঁছায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় স্টারলিংক ব্যবহার করছে ইরান।

একই সময়ে, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করছে বলে জানতে পারেন মাস্ক। তবে এ ক্ষেত্রে আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত ব্যয়বহুল প্যাকেজের পরিবর্তে স্থলভিত্তিক অভিযানের জন্য তৈরি তুলনামূলক সস্তা প্যাকেজ ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

মাস্কের প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি এর আগে প্রকাশ্যে আসেনি। ওয়াশিংটন পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন এ কার্যক্রম সম্পর্কে অবগত চার ব্যক্তি।

স্টারলিংকের অননুমোদিত ব্যবহার নিয়ে মাস্কের ক্ষোভ এবং ড্রোন পরিচালনায় মার্কিন সামরিক বাহিনীর স্টারশিল্ড ব্যবহারের পদ্ধতি নিয়ে তার অসন্তোষের বিষয়টিও আগে প্রকাশিত হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের স্টারলিংক ব্যবহারের খবর মাস্ককে আরও ক্ষুব্ধ করে তোলে। কারণ, এর মাত্র দুই মাসেরও কম সময় আগে আরেক প্রতিপক্ষ রাশিয়ার সামরিক অভিযানে স্টারলিংকের ব্যবহার বন্ধে পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

রাশিয়ার ড্রোনে স্টারলিংক, ইউক্রেনের অনুরোধে ব্যবস্থা

চলতি বছরের জানুয়ারিতে, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক ও স্টারশিল্ডের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের কাছে বিশেষ অনুরোধ জানায়। ইউক্রেনের হাতে এমন একটি দূরপাল্লার সশস্ত্র রুশ ড্রোনের ভিডিও এবং ধ্বংসাবশেষ আসে, যার ডানায় স্টারলিংক টার্মিনাল যুক্ত ছিল। ড্রোনটির নাম ছিল ইতালমাস।

এ ঘটনার পর রুশ সামরিক বাহিনীর অননুমোদিত ব্যবহার ঠেকাতে স্টারলিংক টার্মিনালগুলোর কার্যক্রম সীমিত করার অনুরোধ জানায় কিয়েভ। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইউক্রেনের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ওই সপ্তাহের শেষ নাগাদ সেবাটির অপব্যবহারের ঘটনায় অন্তত দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য দিয়েছেন।

এসব ঘটনা আধুনিক যুদ্ধে ইলন মাস্কের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ক্রমবর্ধমান গুরুত্বের পাশাপাশি এর নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। নিম্ন কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত স্টারলিংক এখন যুদ্ধক্ষেত্রে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

মার্কিন সরকার ইউক্রেনের সামরিক বাহিনী এবং ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের মতো মিত্র ও বিরোধী পক্ষের বিভিন্ন গোষ্ঠীকে স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহারের সুযোগ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরাও বিভিন্ন উপায়ে এই প্রযুক্তি ব্যবহারের পথ খুঁজে নিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা স্পেসএক্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ডেমোক্রেসি, কনফ্লিক্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের পরিচালক ও জ্যেষ্ঠ ফেলো স্টিভেন ফেল্ডস্টেইন বলেন, বিষয়টি শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই প্রশ্নের সঙ্গে জড়িত, যুক্তরাষ্ট্রের হাতে, নাকি কোনো বেসরকারি ব্যক্তির হাতে।

তিনি আরও বলেন, কিছু অসাধু পক্ষ এই প্রযুক্তির সুযোগ নিয়ে এমনভাবে ব্যবহার করতে পেরেছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইলন মাস্কের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট। তবে, স্যাটেলাইট সেবার অপব্যবহার এবং পরবর্তী সময়ে আরোপ করা বিধিনিষেধ নিয়ে তারা কোনো জবাব দেয়নি।

অননুমোদিত ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে স্পেসএক্স

গত এক বছরে, স্টারলিংক টার্মিনালের অননুমোদিত ব্যবহার বন্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন ইলন মাস্ক। বিশ্বের ১৬০টিরও বেশি দেশে স্টারলিংক সেবা চালু রয়েছে। অনুমোদিত শত শত তৃতীয় পক্ষের বিক্রেতার মাধ্যমে এসব দেশে সেবা পৌঁছে দেওয়া হয়। তবে এসব বিক্রেতাকে স্পেসএক্সের যাচাই-বাছাই প্রক্রিয়া পার হতে হয়।

জানুয়ারিতে, ইউক্রেনের অনুরোধের পর দেশটিতে ঘণ্টায় ৭০ কিলোমিটার বা প্রায় ৪৫ মাইলের বেশি গতিতে চলাচলকারী স্টারলিংক টার্মিনালগুলোর যোগাযোগসেবা বন্ধ করে দেয় স্পেসএক্স। পাশাপাশি, ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুমোদিত স্যাটেলাইট ডিশের একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকায় থাকা টার্মিনালগুলোকে গতিসীমার বিধিনিষেধের বাইরে রাখা হয়। এ ব্যবস্থাকে বলা হয় ‘হোয়াইটলিস্ট’।

ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের উপদেষ্টা সেরহি স্টারনেনকো বলেন, এ বিধিনিষেধের ফলে বেসামরিক স্টারলিংক ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার পক্ষে ড্রোন পরিচালনা প্রযুক্তিগতভাবে সম্ভব ছিল না। কারণ, রাশিয়ার ড্রোনগুলোকে আকাশে উড়ে থাকার জন্য নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলতে হয়।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন বিধিনিষেধ

চলতি বছরের, গত ১ মার্চ, কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে চলাচলকারী উড়োজাহাজের জন্য পরিচয় যাচাইয়ের নতুন শর্ত আরোপ করে স্পেসএক্স।

ব্যক্তিগত ও সাধারণ উড়োজাহাজের পাইলটদের দেওয়া তথ্য এবং গ্রাহকদের কাছে পাঠানো ই-মেইল থেকে এ বিষয়টি জানা গেছে।

যুক্তরাষ্ট্রের শার্লট এলাকার এক ব্যক্তিগত উড়োজাহাজের পাইলট জানান, ২ মার্চ, স্থানীয় সময় সকাল ৭টায় স্পেসএক্সের পাঠানো ই-মেইল পাওয়ার পর তিনি ক্ষুব্ধ হন। তার ভাষ্য, একটি স্টারলিংকের দাম চার গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি, সেবা চালু রাখতে নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

ওই পাইলট জানান, পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, উড়োজাহাজের নিবন্ধন নম্বর, ট্রান্সপন্ডার কোড এবং উড়োজাহাজটি যে বিমানবন্দরে রাখা হয়, তার তথ্য জমা দেওয়ার পরই তিনি আবার স্টারলিংক ব্যবহার করতে পেরেছেন। আগে মাসে, ৬০ ডলার খরচ হলেও নতুন ব্যবস্থায় তা বেড়ে দাঁড়ায় ২০০ ডলারে।

মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধেও শর্ত লঙ্ঘনের অভিযোগ

মার্চের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহারের বিষয়টিও ক্ষুব্ধ করে মাস্ককে।

পেন্টাগন তাদের ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ বা লুকাস নামের ড্রোন পরিচালনার জন্য স্টারশিল্ডের স্থলভিত্তিক সেবার সাবস্ক্রিপশন নিয়েছিল। কিন্তু আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত আলাদা প্যাকেজের খরচ দেয়নি। ওই প্যাকেজের মূল্য স্থলভিত্তিক প্যাকেজের তুলনায় পাঁচ গুণ বেশি।

১ মার্চ, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাশিয়ার এমন একটি দাবির জবাবে মাস্ক বলেন, মার্কিন সামরিক বাহিনী লুকাস ড্রোনে স্টারলিংক ব্যবহার করলে তা বাণিজ্যিক সেবার শর্ত লঙ্ঘন হবে। অস্ত্রব্যবস্থায় বাণিজ্যিক স্টারলিংক টার্মিনাল ব্যবহারের অনুমতি নেই বলেও উল্লেখ করেন তিনি। 

তার ভাষ্য, সব ব্যবহারকারীর ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য এবং এমন ব্যবহার শনাক্ত হলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে, মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়। স্টারশিল্ড ব্যবহারের ঘটনা, ইরানের স্টারলিংক ব্যবহার কিংবা পোর্ট শুয়াইবায় হামলায় এ প্রযুক্তির সম্ভাব্য সংশ্লিষ্টতা: কোনো বিষয়েই তারা মন্তব্য করেনি। ওই হামলার তদন্তের ফলও এখন পর্যন্ত প্রকাশ করেনি পেন্টাগন।

ইরানের সামরিক অভিযানে স্টারলিংকের ব্যবহার নিয়ে গোপন প্রতিবেদন

ওয়াশিংটন পোস্টকে দেওয়া তথ্যে সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানান, চলতি বছরের, গ্রীষ্মে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে যুদ্ধের পরিস্থিতি নিয়ে দেওয়া একটি গোপনীয় প্রতিবেদনে ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ইরান সামরিক বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা এবং একমুখী আক্রমণকারী ড্রোনের কার্যক্রম পর্যবেক্ষণে এ প্রযুক্তি ব্যবহার করেছে।

ওই ব্যক্তির ভাষ্য, মার্কিন বাহিনী যখন ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছিল, তখন স্টারলিংক তেহরানের জন্য বিকল্প যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করেছে। প্রতিবেদনটি তৈরি করেছিল ইউএস সেন্ট্রাল কমান্ড।

তবে পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন ওয়াশিংটন পোস্টকে বলেন, প্রতিরক্ষামন্ত্রীর দফতরে এ বিষয়ে সেন্ট্রাল কমান্ডের কোনো প্রতিবেদন পাঠানোর তথ্য তাদের জানা নেই।

ইরান সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহার করেছে কি না, পোর্ট শুয়াইবায় হামলায় এ প্রযুক্তির কোনো ভূমিকা ছিল কি না কিংবা স্টারশিল্ডের মূল্যসংক্রান্ত বিরোধ, এসব বিষয়েও মন্তব্য করতে রাজি হননি তিনি।

রাশিয়ার ব্যবহার বন্ধে পদক্ষেপের কথা প্রকাশ্যে জানান মাস্ক

স্টারলিংকের অননুমোদিত ব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আগেও প্রকাশ করেছেন ইলন মাস্ক।

চলতি বছরের, জানুয়ারির শেষ দিকে, ইউক্রেনের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ রাশিয়ার স্টারলিংক সংযুক্ত ড্রোন ইউক্রেনের শহরগুলোর ওপর দিয়ে উড়ে যাওয়ার খবরের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্পেসএক্সকে ধন্যবাদ জানান।

জবাবে মাস্ক বলেন, রাশিয়ার অননুমোদিত স্টারলিংক ব্যবহার বন্ধে তারা যে পদক্ষেপ নিয়েছেন, তা কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। আরও কিছু করার প্রয়োজন হলে জানাতে বলেন তিনি।

তবে মে মাসে, স্টারশিল্ডের মূল্য নিয়ে স্পেসএক্স ও মার্কিন সামরিক বাহিনীর বিরোধ প্রকাশ্যে আসে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লুকাস ড্রোন পরিচালনায় স্টারশিল্ড ব্যবহারের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ২৫ হাজার ডলার করার অনুরোধ জানিয়েছে স্পেসএক্স।

এরপর এক্সে পেন্টাগনের বিরুদ্ধে বেসামরিক স্টারলিংক ব্যবস্থা সামরিক কাজে অনুপযুক্তভাবে ব্যবহারের অভিযোগ তোলেন মাস্ক।

মূল্যবৃদ্ধির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, কিছু মার্কিন সামরিক কর্মকর্তা মনে করেছিলেন, আলোচনার সময় স্পেসএক্স তাদের কার্যত জিম্মি করে রেখেছে।

কালোবাজারে বিক্রি ঠেকাতে কঠোর নজরদারি

১ মার্চ, পোর্ট শুয়াইবায় হামলার পরবর্তী কয়েক সপ্তাহে, স্টারলিংক টার্মিনাল অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের হাতে যাওয়া ঠেকাতে বিক্রয়ব্যবস্থায় আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে মাস্ক ও স্পেসএক্স।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত বিক্রেতাদের প্রতিটি টার্মিনাল ক্রেতার পরিচয় যাচাই এবং সেবা চালুর আগে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রমাণ দিতে হবে।

এছাড়া ‘ইনডাইরেক্ট রিসেলিং প্রোগ্রাম’ সাময়িকভাবে বন্ধ করে দেয় স্পেসএক্স। এ কর্মসূচির আওতায় অনুমোদিত বিক্রেতারা অন্য উপবিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহ করতে পারতেন। বিক্রেতারা সেগুলো বিক্রি করে স্টারলিংক সেবা চালু করার সুযোগ পেতেন।

এপ্রিল মাসে, নিজেদের ওয়েবসাইটের একটি সহায়তা পাতায় স্টারলিংক জানায়, আগের বিক্রয়ব্যবস্থায় গ্রাহক পর্যায়ে যথাযথ নজরদারির অভাব ছিল। এতে বিধি মেনে চলার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত কারা সেবা ব্যবহার করছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও তথ্য পাওয়ার সুযোগ কমেছে।

স্যাটেলাইট যোগাযোগশিল্পের দুই নির্বাহীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, নতুন নিয়মের আগে সাধারণত একটি ক্রেডিট কার্ড দিয়েই স্টারলিংক সেবার নিবন্ধন করা যেত।

শিল্পখাতের এক নির্বাহী বলেন, কোনো ব্যক্তি এক দেশে স্টারলিংক সেবা চালু করে অন্য দেশে তা ব্যবহার করতে পারতেন। ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। তারা বিদেশে সেবাটি নিবন্ধন করে পরে গোপনে টার্মিনাল ইরানে নিয়ে যেতেন। সে সময় গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য কঠোর যাচাইব্যবস্থা ছিল না।

এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স ও পেন্টাগনের বিধিনিষেধ সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সম্মুখসারির যোগাযোগ এবং অস্ত্রব্যবস্থায় ব্যবহারের জন্য চোরাইপথে স্টারলিংক টার্মিনাল সংগ্রহ ও ব্যবহার করেছে রাশিয়া।

ইউক্রেনে হোয়াইটলিস্ট, ইরানে কেন সম্ভব নয়?

ফেব্রুয়ারিতে, ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দেশটিতে বৈধভাবে ব্যবহৃত স্টারলিংক টার্মিনালগুলোর নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। পরে সেই তালিকা স্পেসএক্সের কাছে পাঠানো হয়। অনুমোদিত তালিকায় নেই, এমন টার্মিনালগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে ইউক্রেনের নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্র নামের একটি স্বাধীন ইউক্রেনপন্থি বিশ্লেষণধর্মী সংস্থা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, নিবন্ধিত স্টারলিংক অ্যাকাউন্ট ব্যবহারকারী ইউক্রেনীয় নাগরিকদের নিয়োগের মাধ্যমে এখনো দেশটিতে অনুমোদিত যোগাযোগ টার্মিনালে প্রবেশের চেষ্টা করছে রাশিয়া।

প্রযুক্তিগতভাবে স্টারলিংক টার্মিনালের ব্যবহার সীমিত করার সক্ষমতা স্পেসএক্সের রয়েছে। গতিসীমা নির্ধারণ কিংবা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সেবা বন্ধ করার মাধ্যমে এটি করা সম্ভব।

এর উদাহরণও রয়েছে। গত অক্টোবরে ইউক্রেনে স্টারলিংকের সেবা হঠাৎ সীমিত করে দেন মাস্ক। এতে রাশিয়ার হামলা প্রতিহত করার ক্ষেত্রে কিয়েভের সক্ষমতা ঝুঁকিতে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ইরানে স্টারলিংক চালু রাখা নিয়ে দ্বিধায় স্পেসএক্স

জানুয়ারিতে, ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন চালানোর সময় দেশজুড়ে যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ইরানে থাকা যেকোনো স্টারলিংক টার্মিনালের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সেবা চালু করে স্পেসএক্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকদের মতে, চাইলে ইরানের ভেতরে শনাক্ত হওয়া যেকোনো স্টারলিংক টার্মিনালের সংযোগ বন্ধ করে দিতে পারে স্পেসএক্স। তবে প্রতিষ্ঠানটি সম্ভবত তা করছে না। কারণ, ইরানের সরকারবিরোধী আন্দোলনকারী এবং সাধারণ নাগরিকেরা কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়াতে এ সেবা ব্যবহার করেন।

ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ডাগরেস বলেন, ইরানের ভেতরে কী ঘটছে, তা প্রকাশ করার জন্য দেশটির মানুষের কাছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমই একমাত্র মাধ্যম।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনও সম্ভবত এ কারণেই ইরানে স্টারলিংক সংযোগ বন্ধ করতে চায় না। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্য ইরানের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তেহরানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই এবং সাংবাদিকদেরও স্বাধীনভাবে দেশটির ভেতরে সংবাদ সংগ্রহের সুযোগ নেই।

ইরানে বর্তমানে স্টারলিংক সেবার অবস্থা কী, সে বিষয়ে হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

স্টারলিংক বন্ধ রাখবে, নাকি চালু রাখবে: উভয় সংকটে স্পেসএক্স

স্টারলিংক সেবা সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানান, একবার কোনো টার্মিনাল সাধারণ মানুষের হাতে পৌঁছে গেলে তা প্রতিপক্ষের হাতে যাওয়া কিংবা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের ঝুঁকি পুরোপুরি দূর করা প্রায় অসম্ভব।

স্যাটেলাইট যোগাযোগশিল্পের একজন নির্বাহী বলেন, স্পেসএক্সের সামনে মূলত দু'টি বিকল্প রয়েছে। পুরো ইরানে সেবা বন্ধ করে দেওয়া, যার ফলে সরকারবিরোধী আন্দোলনকারীরাও ইন্টারনেট ব্যবহারের সুযোগ হারাবেন। অথবা সেবা চালু রাখা, যার সুযোগ নিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের অস্ত্রব্যবস্থায় স্টারলিংক ব্যবহার করতে পারে।

শিল্পখাতের আরেক নির্বাহীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা করতে চায়, তাহলে দেশটিতে স্টারলিংক সেবা চালু রাখা জরুরি। কিন্তু ইরানি কর্তৃপক্ষ কোনো টার্মিনাল জব্দ করলে সেটি সামরিক কাজেও ব্যবহার করতে পারে।

সংবেদনশীল বাণিজ্যিক কার্যক্রম নিয়ে কথা বলায় ওই দুই নির্বাহীও নাম প্রকাশ করতে চাননি।

তাদের মতে, ইউক্রেনের মতো ইরানেও নির্দিষ্ট টার্মিনাল যাচাই করে অনুমোদিত তালিকা তৈরির ব্যবস্থা চালু করা বাস্তবসম্মত নয়।

শিল্পখাতের প্রথম নির্বাহী বলেন, ইউক্রেনে হোয়াইটলিস্ট ব্যবস্থা বেশ কার্যকর। নির্দিষ্ট পরিচয়সংবলিত টার্মিনালের তালিকা ব্যবহার করার কারণে দেশটি এ সুবিধা পাচ্ছে। কিন্তু ইরানের ক্ষেত্রে স্পেসএক্সের পক্ষে এমন কোনো নির্ভরযোগ্য কর্তৃপক্ষ খুঁজে পাওয়া কঠিন, যাদের হাতে এ ধরনের তালিকা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া যায়। মূল প্রশ্ন হলো, কাকে বিশ্বাস করবে স্পেসএক্স?

নিষেধাজ্ঞা এড়াতে ইরানের জটিল নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং রফতানি নিয়ন্ত্রণ এড়াতে কয়েক দশক ধরে বিস্তৃত চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে আসছে ইরান।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক আইনজীবী এবং বর্তমানে স্টেপটো আইন প্রতিষ্ঠানের অংশীদার কারি স্টাইনবোয়ার বলেন, অনেক সময় তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে থাকা কোম্পানির মাধ্যমে নিষিদ্ধ পণ্য ও প্রযুক্তি সংগ্রহ করে সংশ্লিষ্ট পক্ষগুলো।

তার ভাষ্য, ইরান এ ধরনের কৌশল ব্যবহারে বেশ দক্ষ।

তিনি আরও জানান, ইরানের সামরিক নিরাপত্তা সংস্থা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং এর বিশেষায়িত শাখা কুদস ফোর্সের দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে এমন কোম্পানি রয়েছে, যেগুলো আড়ালে থেকে তাদের সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে।

ফলে যুক্তরাষ্ট্রের কোনো বৈধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের পক্ষেও এসব কোম্পানির প্রকৃত পরিচয় শনাক্ত করা কঠিন হতে পারে। একটি বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে থেকে তারা সহজেই মার্কিন সরবরাহকারীদের বিভ্রান্ত করতে পারে।

স্টাইনবোয়ার বলেন, এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন।

/এআই 

Logo