×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে পণ্যের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে পণ্যের দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা। এর মধ্যেই দেশটিতে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড হয়েছে। তবে অনলাইনে কেনাকাটা বাড়লেও গত বছরের তুলনায় এবার সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করেছেন কমসংখ্যক মানুষ। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে উঠে এসেছে এ চিত্র।

মাস্টারকার্ড স্পেন্ডিংপালসের তথ্য অনুযায়ী, পেট্রোল-গাড়ি কেনাকাটার হিসাব বাদ দিলে গত বছরের ব্ল্যাক ফ্রাইডের তুলনায় এবার যুক্তরাষ্ট্রে দোকান ও অনলাইন মিলিয়ে খুচরা বিক্রি বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। প্রতিষ্ঠানটি নগদ অর্থসহ বিভিন্ন মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব প্রকাশ করেছে।

অন্যদিকে, ই-কমার্স লেনদেনের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাডোবি অ্যানালিটিকস জানিয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এ বিক্রির পরিমাণ, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

তবে, পণ্যের দাম বেড়ে যাওয়াই যে বিক্রি বৃদ্ধির একমাত্র কারণ, তা নয়। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল ও কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ায় মার্কিন ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর মধ্যেও সেলসফোর্সের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার অর্ডারের সংখ্যা বেড়েছে ৫ শতাংশ।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়েও অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড হয়েছে। সেলসফোর্সের হিসাবে, শুক্রবার বিশ্বব্যাপী অনলাইন বিক্রির পরিমাণ দাঁড়ায় ৮২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকেই এসেছে ১৯ দশমিক ১ বিলিয়ন ডলার।

অবশ্য অনলাইন বিক্রির হিসাব নিয়ে অ্যাডোবি ও সেলসফোর্সের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এর কারণ হিসেবে প্রতিষ্ঠান দুটির তথ্য সংগ্রহের পদ্ধতির ভিন্নতাকে দেখা হচ্ছে। 

সেলসফোর্স ১৫০ কোটির বেশি ভোক্তার বৈশ্বিক কেনাকাটার তথ্য বিশ্লেষণ করেছে। অন্যদিকে, অ্যাডোবি যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতাদের ওয়েবসাইটে এক ট্রিলিয়নের বেশি ভিজিটের তথ্য পর্যালোচনা করে তাদের হিসাব তৈরি করেছে।

ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অধিকাংশ কেনাকাটা এখনো সরাসরি দোকানে গিয়েই হয়। তবে এবার দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমেছে। 

দোকানে ক্রেতাদের যাতায়াত ও উপস্থিতির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রিটেইলনেক্সটের প্রাথমিক হিসাব বলছে, ২০২৫ সালের তুলনায় এবার ব্ল্যাক ফ্রাইডেতে দোকানে ক্রেতাদের উপস্থিতি কমেছে ২ দশমিক ৯ শতাংশ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে সরাসরি দোকানে গিয়ে কেনাকাটার প্রবণতা কমছে। এর অন্যতম কারণ অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বৃদ্ধি। এ ছাড়া এবার দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিকূল আবহাওয়াও দোকানে ক্রেতা কম আসার পেছনে ভূমিকা রাখতে পারে।

তবে শুধু অনলাইন কেনাকাটার দিকে ঝোঁকই নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়ও ভোক্তাদের কেনাকাটার পরিকল্পনায় প্রভাব ফেলছে। পেট্রোল, নিত্যপণ্য ও বাড়িভাড়ার মতো খাতে ব্যয় বেড়ে যাওয়ায় অনেক পরিবারের বাজেটে চাপ তৈরি হয়েছে। ফলে কেনাকাটার জন্য কোথায় যাবেন এবং কী কিনবেন, সে সিদ্ধান্তেও পরিবর্তন আনছেন ভোক্তারা।

রিটেইলনেক্সটের গ্লোবাল ম্যানেজার অব অ্যাডভান্সড অ্যানালিটিকস জো শ্যাস্টিন বলেন, পরিবারের বাজেটে চাপ তৈরি হওয়ায় ভোক্তারা এখন কেনাকাটার পরিকল্পনা নতুন করে সাজাচ্ছেন।

দোকানে ক্রেতাদের উপস্থিতি নিয়ে একই ধরনের চিত্র তুলে ধরেছে আরেক প্রতিষ্ঠান সেনসরাম্যাটিক সলিউশনস। তাদের হিসাবে, গত বছরের তুলনায় এবার ব্ল্যাক ফ্রাইডেতে দোকানে ক্রেতাদের উপস্থিতি কমেছে ৪ দশমিক ২ শতাংশ। তবে আগের শুক্রবারের তুলনায় এদিন ক্রেতাদের উপস্থিতি বেড়েছে ২৫০ শতাংশ।

এদিকে, দোকানে গিয়ে কেনাকাটার পরিমাণ কমলেও সরাসরি কেনাকাটায় মোট ব্যয় বেড়েছে। মাস্টারকার্ড স্পেন্ডিংপালসের তথ্য অনুযায়ী, ব্ল্যাক ফ্রাইডেতে দোকানে কেনাকাটার ব্যয় বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। ২০২২ সালের পর এটিই এ খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ মিশেল মেয়ার জানান, চলতি বছরের ছুটির মৌসুমে কেনাকাটার বিক্রি বৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তার প্রায় অর্ধেকই আসতে পারে মূল্যস্ফীতির প্রভাব থেকে।

/এআই 

Logo