×
Logo

আন্তর্জাতিক

ওয়াশিংটন থেকে বিচ্ছিন্ন ট্রাম্প প্রশাসন, ইরানের হামলার ভয়ে নিরাপত্তার অজুহাতে সামরিক ঘাঁটিতে মন্ত্রীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ এএম

ওয়াশিংটন থেকে বিচ্ছিন্ন ট্রাম্প প্রশাসন, ইরানের হামলার ভয়ে নিরাপত্তার অজুহাতে সামরিক ঘাঁটিতে মন্ত্রীরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখন সবচেয়ে চাহিদাসম্পন্ন আবাসনগুলোর একটি সামরিক ঘাঁটির ভেতরে। শতবর্ষী এসব বাড়ি একসময় জেনারেল ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত থাকলেও এখন সেখানে বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য। চারপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশপথ আর উঁচু দেয়ালে ঘেরা এসব আবাসনে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ নেই। 

প্রশাসনের কর্মকর্তাদের দাবি, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় শহরের অন্য যেকোনো এলাকার তুলনায় এসব সামরিক আবাসন তাদের জন্য বেশি নিরাপদ।

ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন সদস্য, বর্তমানে, ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের, রাজনৈতিক ইতিহাসে, বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের এমন প্রবণতা বিরল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শক্তির কাছ থেকে নিরাপত্তা হুমকির কারণে পরিস্থিতি বদলেছে। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট, যে দলের সরকারই ক্ষমতায় আসুক, শীর্ষ কর্মকর্তাদের সামরিক স্থাপনায় বসবাসের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে নিরাপত্তার এমন ব্যবস্থার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ঐতিহ্যটি হলো, দেশের বেসামরিক নেতৃত্ব সাধারণ নাগরিকদের মতোই তাদের আশপাশের মানুষের সঙ্গে বসবাস করবেন এবং নাগরিক জীবনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। কিন্তু সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনে স্থানান্তরের ফলে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা সাধারণ মানুষের জীবনযাপন থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

নিরাপত্তা উদ্বেগে সামরিক আবাসনে মন্ত্রীরা

সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার পাশাপাশি বিদেশি প্রতিপক্ষের কাছ থেকেও নতুন নতুন হুমকির বিষয় সামনে এসেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। এমন পরিস্থিতিতে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক আবাসন বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিজের বাড়িতে বসবাস করতে 'না' পারলেও রাজধানীকে ‘নিরাপদ ও সুন্দর’ করে তুলতে প্রশাসনের উদ্যোগে তাঁরা ব্যক্তিগতভাবেও ভূমিকা রাখছেন।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সম্প্রতি, ওয়াশিংটনের জর্জটাউনে, প্রাসাদের মতো নিজের বাড়ি ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। চলতি মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে তিনি জানান, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি আসায় বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চাপ তৈরির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।

অনুষ্ঠানে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বেসেন্ট বলেন, তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকিতে তারা ভীত নন। বরং ইরানের নেতৃত্বের কাছ থেকে আসা হুমকির কারণে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি।

একই ধরনের নিরাপত্তা উদ্বেগে সম্প্রতি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। তার পূর্বসূরি বন্ডিও গত বছর সামরিক আবাসনে বসবাস করেছিলেন।

তবে, সবার ক্ষেত্রে হুমকির উৎস বিদেশি শক্তি নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে। রক্ষণশীল অধিকারকর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর এবং বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক বিশ্বাসযোগ্য হুমকির ঘটনায় এই উদ্বেগ আরও বেড়েছে।

গত বছর, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, তার স্ত্রী কেটি ও চার সন্তানকে নিয়ে ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটিতে চলে যান। তাদের বাড়ির সামনে এক নারী বিক্ষোভ করার পাশাপাশি বাড়ির ঠিকানা উল্লেখ করে প্রচারপত্র বিতরণ করেছিলেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, স্টিফেন মিলার ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকি দেওয়ার একটি বিস্তৃত ও নথিভুক্ত প্রচারণা চলছিল। এ কারণেই তাদের আবাসন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাস নিয়ে তদন্ত

নিরাপত্তার যুক্তিতে সামরিক আবাসনে মন্ত্রিসভার সদস্যদের বসবাসের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট দলের কয়েকজন আইনপ্রণেতা। তাদের উদ্বেগ, সামরিক বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তাদের বসবাস কতটা যৌক্তিক এবং এর জন্য তারা যথাযথ ভাড়া দিচ্ছেন কি না।

এ বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে সামরিক আবাসনে বসবাসরত রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা, তাদের সেখানে স্থানান্তরের পেছনে থাকা নিরাপত্তা হুমকি, এ ধরনের আবাসন ব্যবহারের আইনি ভিত্তি এবং ভাড়ার পরিমাণ তুলে ধরতে হবে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এ প্রতিবেদন তৈরির প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে অনুমোদন করিয়েছেন। তার মতে, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বসবাসের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তারা আবাসনের জন্য ন্যায্য বাজারমূল্যের ভাড়া দিচ্ছেন কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

সামরিক আবাসনের ভাড়া-পুরোনো বিতর্ক

সামরিক ঘাঁটির এসব আবাসনে বসবাসের জন্য কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাসভবনের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাধারণত মাসে ৪ হাজার ৫শ' ডলারের বেশি ভাড়া গুনতে হয় তাদের।

তবে, সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাসের খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। গত বছর, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবনের সংস্কার ও আধুনিকায়নে মার্কিন সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২শ' ৯৭ ডলার ব্যয় করার প্রস্তুতি নিচ্ছে, এ তথ্য প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন তিনি।

বর্তমান ভাড়ার কাঠামোর পেছনে রয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়কার একটি সিদ্ধান্ত। জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা: দুই প্রেসিডেন্টের আমলেই, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

গেটসই প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। নেভি হিল এলাকায় পররাষ্ট্র দফতরের পাশে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর একটি ঐতিহাসিক ও প্রশস্ত বাড়িতে উঠেছিলেন তিনি।

তখনকার ফেডারেল আইন অনুযায়ী, কোনো বেসামরিক ব্যক্তি, সামরিক ঘাঁটির আবাসন ভাড়া নিলে, স্থানীয় এলাকায় সামরিক ঘাঁটির বাইরের সমমানের বাড়ির প্রচলিত বাজারদরের সমান ভাড়া দিতে হতো। সে হিসেবে, গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল ৬ হাজার ৫শ' ডলারের বেশি।

তবে ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তাব্যবস্থা স্থাপন এবং সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েনের ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে পরে নিয়ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত কংগ্রেস নতুন ব্যবস্থায় সম্মতি দেয়। এরপর থেকে গেটস এবং তার পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের ভাড়ার তুলনায় মাত্র ৫% বেশি দিয়ে সামরিক আবাসন ভাড়া নেওয়ার সুযোগ পান।

গেটস চেয়েছিলেন, তার উত্তরসূরিরাও যেন একই সুবিধা নিতে পারেন। তবে, গেটসের পর, আর কোনো মন্ত্রিসভার সদস্য সামরিক আবাসনে ওঠেননি। ২০১৭ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া জিম ম্যাটিসই আবার নৌবাহিনীর আবাসনে বসবাস শুরু করেন।

২০১৮ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই নৌবাহিনীর আবাসনে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু নৌবাহিনী বিষয়টিকে সমস্যাজনক হিসেবে বিবেচনা করে। এ বিষয়ে সিএনএনের হাতে আসা নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ স্মারকে বলা হয়, পম্পেও'র আবেদনের সঙ্গে বাস্তবিক-আইনি-আর্থিক-নৈতিক নানা জটিলতা জড়িত ছিল।

বিশেষকরে, সীমিত আবাসন সুবিধার মধ্যে একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর জন্য কোনো সামরিক কর্মকর্তাকে তার নির্ধারিত আবাসন থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি অনিয়মের ধারণা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। ওই সময়, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসনের অপেক্ষমাণ তালিকাও ছিল।

শেষ পর্যন্ত, পম্পেও সামরিক আবাসনেই উঠেছিলেন। তবে নৌবাহিনীর ওই আবাসনে নয়, ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেন তিনি।

‘জেনারেলস রো’-তে পাশাপাশি মন্ত্রী, গোল্ডেনডুডল কুকুর আর বিড়ালের গল্প

৮ বছর আগে, যে বিষয়টি নৌবাহিনীর কাছে সমস্যাজনক মনে হয়েছিল, এখন, সেটিই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একধরনের প্রবণতায় পরিণত হয়েছে। দ্বিতীয় মেয়াদে, হোয়াইট হাউসে ফেরার পর, প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার স্বার্থে সামরিক আবাসন বেছে নিয়েছেন। 

স্টিফেন মিলার ও তার পরিবার এখন ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। একই ঘাঁটিতে, তাদের প্রতিবেশী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাদের আবাসিক এলাকাটি পরিচিত ‘জেনারেলস রো’ নামে। সাধারণত উচ্চপদস্থ সামরিক জেনারেলদের জন্য সংরক্ষিত এসব বাড়ি পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলে একটি উপদ্বীপে অবস্থিত।

চলতি বছরের, শুরুতে, কেটি মিলারের পডকাস্টে অংশ নিয়ে রুবিও ও তার স্ত্রী সামরিক ঘাঁটিতে প্রতিবেশী হিসেবে বসবাসের একটি মজার অভিজ্ঞতার কথা জানান। তাদের পোষা গোল্ডেনডুডল প্রজাতির একটি কুকুর ভুল করে হেগসেথের বাড়ির সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল।

এ প্রসঙ্গে রুবিও বলেন, এর উল্টো ঘটনাও ঘটে। রাতে, বাড়ি ফিরে, প্রায়ই তিনি নিজের বারান্দায় হেগসেথের একটি বিড়ালকে বসে থাকতে দেখেন। বিড়ালটি এমনভাবে তার দিকে তাকিয়ে থাকে, যেন জানতে চাইছে, তিনি সেখানে কী করছেন! অথচ বিড়ালটির মালিকের বাড়ি মাত্র দুই দরজা পরেই।

ফোর্ট ম্যাকনেইর ঘাঁটি পরিদর্শন করা আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান জায়গাটিকে বর্ণনা করেছেন ‘নিজস্ব একটি জগৎ’ হিসেবে। ঘাঁটির ভেতরে রয়েছে দোকানপাট। একসময় ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টগুলোর কয়েকটিও ছিল সেখানে।

কানের মতে, ঘাঁটির পরিবেশ কিছুটা অবাস্তব মনে হয়। কারণ, পুরো এলাকাটি, বাইরের পৃথিবী থেকে দেয়াল-নিরাপত্তাবেষ্টনী দিয়ে বিচ্ছিন্ন।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির ঘটনা ক্রমেই বাড়ছে। এর ফলে তারা সাধারণ সমাজ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ভবিষ্যতে এ ধরনের সামরিক আবাসনে বসবাসের প্রবণতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে সামরিক আবাসনে থাকার কিছু অসুবিধাও রয়েছে। ওয়াশিংটনের সামরিক আবাসনে আগে বসবাস করেছেন এমন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কিছু বাড়ি বেশ প্রশস্ত হলেও সেগুলোকে বিলাসবহুল বলা যাবে না। তার ভাষায়, বাড়িটি ছিল প্রায় একশ' বছরের পুরোনো। সামরিক আবাসন হিসেবে বসবাসের উপযোগী হলেও সেখানে বিলাসিতার কিছু ছিল না।

রাজধানী সাজানোর উদ্যোগ, অথচ নাগরিক জীবন থেকে দূরে প্রশাসন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে, ওয়াশিংটনের চেহারা বদলে দিতে, একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে। শহরটিকে অনিরাপদ আখ্যা দিয়ে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। হোয়াইট হাউসে, নির্মাণ করছেন বিশাল নতুন বলরুম। পাশাপাশি, একটি সরকারি গলফ কোর্সের পুনর্গঠনের উদ্যোগও নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু রাজধানীকে নতুন করে সাজানোর এসব উদ্যোগের বিপরীতে, ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বরং শহরটির সাধারণ জনজীবন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। অতীতের যেকোনো প্রশাসনের তুলনায় বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসবাস এখন অনেক বেশি সুরক্ষিত ও বিচ্ছিন্ন সামরিক পরিবেশে।

আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক থমাস কান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, উচ্চপর্যায়ের সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা এমনিতেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন না। তাদের সঙ্গে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী থাকেন। এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠান কিংবা নিজ বাসভবনে যাতায়াতও হয় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে।

তবে এখন পরিস্থিতি আরও ভিন্ন। কারণ, এসব কর্মকর্তা শুধু নিরাপত্তার কারণে সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকছেন না, তাদের বসবাসের এলাকাও সাধারণ নাগরিকদের পাড়ামহল্লা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে।

কানের ভাষায়, আগে থেকেই নিরাপত্তার কারণে শীর্ষ কর্মকর্তারা একধরনের সুরক্ষিত বলয়ের মধ্যে বসবাস করতেন। কিন্তু এখন তারা এমন এলাকায় থাকছেন, যেখানে, সাধারণ মানুষের বসবাসের অভিজ্ঞতার সঙ্গে তাদের জীবনযাপনের কোনো মিল নেই।

সব মিলিয়ে, নিরাপত্তার উদ্বেগে যুক্তরাষ্ট্রের শীর্ষ বেসামরিক কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাস বাড়ছে। একদিকে, বিদেশি ও অভ্যন্তরীণ হুমকি মোকাবিলা, অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারকদের নিরাপত্তা নিশ্চিত করা, এসব কারণেই সামরিক আবাসনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে সরকার ও সাধারণ নাগরিকদের মধ্যে দূরত্বও বাড়ছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। ফলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন না হওয়ার বিষয়টিও এখন ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

/এআই 

Logo