শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে প্রশংসা-আলিঙ্গনের পরই চীনের ওপর নতুন শুল্ক, কেন দু তরফা ব্যবহার ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন, প্রিয় বন্ধু বলা, এমনকি, আলিঙ্গনও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমিয়ে সম্পর্কের বরফ গলার ইঙ্গিতও মিলেছিল তাতে। কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নতুন এই শুল্কনীতিতে সবচেয়ে বেশি চাপে পড়তে যাচ্ছে চীন।
আগামী মাসে, মায়ামিতে, 'জি-২০' সম্মেলনের ফাঁকে আবারও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একদিকে, বন্ধুত্বের বার্তা, অন্যদিকে বাণিজ্যিক চাপ—চীনকে ঘিরে আসলে কী কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?
২০২৫ সালের, ফেব্রুয়ারিতে, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরপরই চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধের সূচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক, বিশেষ করে ফেন্টানিলের প্রবাহ ঠেকাতে চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, এমন অভিযোগ তুলে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করে তার প্রশাসন। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে শুরু হয় নতুন করে অর্থনৈতিক সংঘাত, যার প্রভাব পড়তে থাকে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায়।
ট্রাম্পের নতুন শুল্কনীতি শুধু প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্যই নয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের জন্যও উদ্বেগ তৈরি করে। তবে, চীন শুরু থেকেই ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপের জবাব দিতে কঠোর অবস্থান নেয়।
প্রথম দফায় ফেন্টানিল ও অভিবাসনসংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি ও প্রযুক্তিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ পাঁচ ধরনের বিরল মৃত্তিকা ধাতুর (রেয়ার আর্থ) রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিং।
এরপর ২০২৫ সালের, এপ্রিলে, ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্কনীতিকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। ওই সময় চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। পাল্টাপাল্টি, পদক্ষেপে একপর্যায়ে চীনের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্কের হার বেড়ে দাঁড়ায় ১৪৫ শতাংশে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করে চীন। পাশাপাশি, বিরল মৃত্তিকা ধাতুর রফতানিতেও বিধিনিষেধ জোরদার করে দেশটি।
বছরের বড় একটি সময় ধরে দুই দেশের মধ্যে এভাবেই চলতে থাকে শুল্ক আরোপ ও পাল্টা শুল্কের লড়াই। অবশেষে ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন ট্রাম্প ও শি জিনপিং। সেই বৈঠকের পর বাণিজ্যযুদ্ধে সাময়িক বিরতির ঘোষণা আসে। এতে দুই দেশের সম্পর্কে কূটনৈতিক উষ্ণতা ফেরার পথ তৈরি হয়।
এরপর গত মে মাসে, শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য বেইজিং সফর করেন ট্রাম্প। সেপ্টেম্বরে, এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফর করেন চীনা প্রেসিডেন্ট। চলতি মাসের, শুরুতে, চীনের প্রযুক্তি-শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র শেনজেনে এ বছরের এপেক সম্মেলনে যোগ দিতে গেলে শি জিনপিং নিজেই বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান। দুই নেতার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও আলিঙ্গনকে ঘিরে দুই দেশের সম্পর্কের উন্নতির প্রত্যাশাও তৈরি হয়।
কিন্তু যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন শুল্কনীতির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। গত বছরের এপ্রিলে, ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর বাণিজ্যযুদ্ধে নতুন করে চাপ তৈরির এটি দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া-হেরেরোর মতে, ট্রাম্পের নতুন পদক্ষেপের উদ্দেশ্য মূলত দুটি: সুপ্রিম কোর্টের রায়ে হারানো শুল্ক আরোপের দর-কষাকষির ক্ষমতা পুনরুদ্ধার করা এবং পরবর্তী সম্মেলনের আগে বেইজিংকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা।
আলজাজিরাকে তিনি বলেন, শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির সক্ষমতা আবারও প্রতিষ্ঠা করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।
‘উদ্দেশ্য কিছুটা বদলে গেছে’
এবার চীনসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও। ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশ অন্যায্য সরকারি ভর্তুকি, নীতিগত সুবিধা এবং শ্রমিকদের কম মজুরি দেওয়ার মাধ্যমে বিশ্ববাজারে কম দামে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করছে। এতে আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
তবে নতুন এই শুল্কনীতিতে সবচেয়ে বেশি চাপে পড়তে যাচ্ছে চীন। দেশটির পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও এই হার দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের সাময়িক বিরতির শর্তের মধ্যেই রয়েছে, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা। তবে বাণিজ্য আলোচনা ভেঙে গেলে শুল্কের হার বাড়িয়ে ৪০% করার হুমকিও দিয়েছে ওয়াশিংটন।
আগের দফায় শুল্ক আরোপে যে জরুরি নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছিলেন ট্রাম্প, এবার সেই পথে হাঁটছে না তার প্রশাসন। মার্কিন সুপ্রিম কোর্ট ওই ক্ষমতার ভিত্তিতে আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করায় এবার ১৯৭৪ সালের 'ট্রেড অ্যাক্টের ৩০১' ধারা (সেকশন ৩০১) ব্যবহার করছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলো ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ বা স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটির সুযোগ নিয়ে বিশ্ববাজারে অতিরিক্ত পণ্য সরবরাহ করছে। গত মার্চে, শুরু হওয়া তদন্তের মাধ্যমে ১৪টি অর্থনীতিকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযুক্ত হিসেবে চীনকেই দেখছে ওয়াশিংটন। বিশেষকরে, দেশটির ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌর প্যানেল শিল্পকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান হিনরিখ ফাউন্ডেশনের বাণিজ্যনীতি বিভাগের প্রধান ডেবোরা এলমসের মতে, শুরুতে এই তদন্তের উদ্দেশ্য ছিল ‘লিবারেশন ডে’তে ঘোষিত শুল্কের হার আবার কার্যকর করার জন্য আরও টেকসই আইনি ভিত্তি তৈরি করা।
আলজাজিরাকে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই তদন্তের উদ্দেশ্য কিছুটা বদলে গেছে। শুরুতে শুল্ক আরোপের পথ তৈরি করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এখন হোয়াইট হাউস, 'সেকশন-৩০১' ধারাকে, আরও বিস্তৃতভাবে ব্যবহারের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডকে আলোচনার আওতায় আনা এবং ভবিষ্যতে শুল্কসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
এলমসের মতে, ঠিক এই সময়ে নতুন শুল্কনীতির ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী মাসে মায়ামিতে জি-২০ নেতাদের সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। নতুন এই ঘোষণা দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার আগেই উত্তেজনার আরেকটি স্তর তৈরি করলো।
‘পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে চীনের’
চলতি মাসের শুরুতে, ট্রাম্প যখন চীনের শেনজেনে পৌঁছান, তখন বিমানবন্দরে তাকে স্বাগত জানান শি জিনপিং। এর আগে, এপেক নেতাদের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানোর আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের অবস্থানের পার্থক্য তুলে ধরে চীনকে একটি স্থিতিশীল বাণিজ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেন তিনি। ট্রাম্পের শুল্কযুদ্ধ এরই মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণে অস্থিরতা তৈরি করেছে বলেও ইঙ্গিত দেন শি।
তবে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক ঘোষণার পর এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। প্রয়োজনে আরও বেশি শুল্ক আরোপসহ পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার চীনের রয়েছে বলে সতর্ক করেছে দেশটির সরকার।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাদের ভুল পদক্ষেপ সংশোধন করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসা। একই সঙ্গে চীনের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নিয়ে আট মাস ধরে পরিচালিত তদন্তেরও সমালোচনা করেছে বেইজিং। চীনের ভাষ্য, এ তদন্ত একতরফা পদক্ষেপের একটি দৃষ্টান্ত। এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের গুরুতর লঙ্ঘন।
এবারের শুল্কনীতির মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সংঘাতকে শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না ওয়াশিংটন। বরং চীনের বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে উঠে আসা বিভিন্ন দেশের শিল্পনীতিকেও এর আওতায় আনার চেষ্টা করছে। এসব দেশের উৎপাদন ও সরবরাহব্যবস্থা এখনো চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
হিনরিখ ফাউন্ডেশনের ডেবোরা এলমসের মতে, চীন ২০ শতাংশ শুল্কের বিষয়টি হয়তো মেনে নিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চীনের সঙ্গে অন্য দেশগুলোর লেনদেনকেও জবাবদিহির আওতায় আনার যে চেষ্টা চলছে, তাতে বেইজিং অনেক বেশি অস্বস্তিতে পড়বে।
‘চীনের হাতে পাল্টা আঘাত হানার অস্ত্র রয়েছে’
বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সের অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া-হেরেরোর মতে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণা কোনো সুদূরপ্রসারী কৌশল নয়। বরং চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও চাপ বজায় রাখার পরিচিত দর-কষাকষির কৌশল এটি। শেনজেনে দুই নেতার বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাকে সামনে রেখে শুল্ক আরোপের যুক্তি দেখানো হলেও মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের হারানো শুল্ক-সক্ষমতা পুনরুদ্ধার করা এবং পরবর্তী সম্মেলনের আগেই বেইজিংকে আলোচনায় বসতে বাধ্য করা।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ গবেষক চেন বোও মনে করেন, সুপ্রিম কোর্টের রায়ে, বাতিল হওয়া, পাল্টা শুল্কের বিকল্প হিসেবেই নতুন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এর পেছনের উদ্দেশ্য আগের মতোই রয়েছে।
তার মতে, যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ও রয়েছে। অন্যদিকে, উচ্চ সুদের হারের কারণে বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহের ওপর নির্ভর করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।
আলজাজিরাকে চেন বো বলেন, কংগ্রেসের কাছে বাড়তি অর্থ চাওয়ার পরিবর্তে শুল্ক থেকে আয় করা সরকারের জন্য অর্থ সংগ্রহের অন্যতম সহজ উপায়।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রায় এক দশক ধরে চলা বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে চীনের রপ্তানি আধিপত্য কমেনি। গত বছর দেশটির পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত রেকর্ড ১ দশমিক ১৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার।
চেন বো মনে করেন, বছরের পর বছর ধরে চলা শুল্কযুদ্ধেও পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। নতুন করে শুল্ক আরোপ করলেও চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে না। তার ভাষায়, নতুন কোনো শুল্কই চীনের অতিরিক্ত উৎপাদন পুরোপুরি বা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে কার্যকর হবে না।
তিনি আরও মনে করেন, আগামী মাসে দুই নেতার বৈঠকের আগে বাণিজ্য আলোচনা থেকে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে ওয়াশিংটন ও বেইজিং: দুই পক্ষই। কারণ, আসন্ন বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পারমাণবিক অস্ত্র এবং ইরান ও ইউক্রেনের যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তাঁরা। চেন বো বলেন, দুই দেশের নেতাদের কাছে এসব বৃহত্তর বৈশ্বিক বিষয় বাণিজ্যিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, গার্সিয়া-হেরেরোর মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব সীমিত করার সক্ষমতা এখনো চীনের রয়েছে। এ ক্ষেত্রে বেইজিংয়ের সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে বিরল মৃত্তিকা ধাতু বা রেয়ার আর্থ। প্রতিরক্ষা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ও পরিচ্ছন্ন জ্বালানি খাতের বিভিন্ন পণ্য তৈরিতে এসব ধাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ খাতে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ তৈরির সুযোগ রয়েছে চীনের।
তবে ট্রাম্পের জন্য ঝুঁকিটাও কম নয়। শুল্ক আরোপের ফলে আমদানি করা পণ্যের দাম বাড়লে শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়বে মার্কিন ভোক্তাদের ওপর। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থায় অস্থিরতা আরও বাড়তে পারে।
গার্সিয়া-হেরেরোর মতে, এই শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে অর্থনৈতিক চাপ কতটা বাড়বে এবং ওয়াশিংটন সেই চাপ কতটা সহ্য করতে প্রস্তুত, তার ওপরই নির্ভর করছে ট্রাম্পের কৌশল কতটা সফল হবে।
সব মিলিয়ে, শি জিনপিংয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েও চীনের ওপর বাণিজ্যিক চাপ বজায় রাখতে চাইছেন ট্রাম্প। একদিকে শুল্ককে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার, অন্যদিকে বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থায় চীনের প্রভাব সীমিত করার চেষ্টা: দুই লক্ষ্যই রয়েছে ওয়াশিংটনের নতুন পদক্ষেপে।
তবে পাল্টা চাপ তৈরির মতো অর্থনৈতিক-কৌশলগত সক্ষমতা বেইজিংয়ের হাতেও থাকায়, আগামী মাসে দুই নেতার বৈঠকের আগে এই বাণিজ্যযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।
/এআই