×
Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার রায় পুরোপুরি মানবে না মিয়ানমার, জানালেন জান্তা প্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

রোহিঙ্গা গণহত্যার রায় পুরোপুরি মানবে না মিয়ানমার, জানালেন জান্তা প্রধান

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের সব নির্দেশনা পুরোপুরি মানবে না দেশটির সামরিক বাহিনীর সমর্থিত সরকার। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, সরকার দায়িত্বশীল রাষ্ট্রের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও যেসব নির্দেশনাকে ‘অনুপযুক্ত’ মনে করবে, সেগুলো বাস্তবায়নে রাজি হবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার এক বৈঠকে এ অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট। তবে কোন কোন নির্দেশনাকে তার সরকার অনুপযুক্ত মনে করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এর আগের দিন বুধবার মামলাটিকে মিয়ানমারের বিরুদ্ধে ‘একপাক্ষিক অভিযোগ’ হিসেবে বর্ণনা করেন মিন অং হ্লাইং। তার দাবি, রায়ের ক্ষেত্রে ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে গত সপ্তাহে দেওয়া এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত নৃশংস অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনাও ঘটে।

মিয়ানমার সরকার ওই অভিযানকে বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ সামরিক অভিযান হিসেবে দাবি করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিল। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। ২০১৭ সালের ওই সামরিক অভিযানের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং।

প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারের নেতা হিসেবে দেশের সব বিষয়ে নিজেকেই প্রধানত দায়বদ্ধ মনে করেন মিন অং হ্লাইং। তার ভাষ্য, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়— এমন কোনো পদক্ষেপ তিনি মেনে নেবেন না। তিনি বলেন, ‘মিয়ানমার একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো মানবে না।’

এর আগে আইসিজের রায়কে অন্যায্য ও চরম হতাশাজনক বলে অভিহিত করেছিল মিয়ানমার সরকার। তাদের যুক্তি ছিল, আদালতের ১৫ বিচারকের মধ্যে ছয়জন রায়ের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে আইসিজের এটাই প্রথম রায়। এতে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আইসিজের রায় চূড়ান্ত এবং আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্বভাবে তা কার্যকর করার কোনো ব্যবস্থা নেই। কোনো দেশ রায় না মানলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানো ছাড়া আদালতের আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। ফলে মিয়ানমার আইসিজের নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে— এমন সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে পৃথকভাবে আইনি পদক্ষেপ বিবেচনা করছে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আদালতটি। এর বিচারক ও কর্মীদের অনেকের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিতে গেলে যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে পড়তে পারে। নিরাপত্তা পরিষদের অন্য দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াও মিন অং হ্লাইংয়ের প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র। আন্তর্জাতিক অঙ্গনে তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিয়ে আসছে। ফলে দেশ দুটিও নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ আটকে দিতে পারে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের শেষ দিকে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলিরা। তবে এ বিষয়ে আদালতের বিচারকেরা এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি।

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জবাবদিহি নিশ্চিত করতে দেশটির সামরিক বাহিনী, তাদের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অস্ত্র সরবরাহের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

সোমবার (২৩ নভেম্বর) রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ সীমিত করার পরিকল্পনার কথাও জানায় লন্ডন। এ ছাড়া মানবিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগে ৮০ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ হাজার ডলার) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের অনুরোধে আগামী ৭ ডিসেম্বর মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য।

এদিকে মিয়ানমার বর্তমানে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রপন্থী বিভিন্ন গোষ্ঠী ও অন্যান্য সশস্ত্র সংগঠন। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। চলতি বছরের শুরুতে তিনি প্রেসিডেন্ট হন। তবে সমালোচকদের অভিযোগ, যে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, তা অবাধ ও সুষ্ঠু ছিল না।

/এনএ 

Logo