থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত অন্তত ৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বড় তেল শোধনাগার ও সংরক্ষণাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ব্যাংককের পূর্বাঞ্চলীয় একটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। প্রায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যে নগর কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরে কর্তৃপক্ষ আশপাশের এলাকার বাসিন্দাদের বাড়িতে ফেরার অনুমতি দেয়। তবে শোধনাগারটির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারীদের বায়ুদূষণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
তেল শোধনাগার ও সংরক্ষণাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন ফেসবুক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান জানান, শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ইউনিটটি তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। পরিস্থিতি পরিদর্শন করে ভবিষ্যতে আর কোনো ঝুঁকি রয়েছে কি না, তা নিশ্চিত করবেন বলেও জানান তিনি।
আকানাত বলেন, ‘তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ— এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের উৎপাদন কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দেব না।’
তবে এ ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। তার ভাষ্য, থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত স্থাপনাটি দেশের সবচেয়ে বড় শোধনাগারগুলোর একটি নয়।
প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এ শোধনাগারটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম। দেশটির নগরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগারও এটি।
এর আগে ২০১২ সালের জুলাইয়ে একই শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুনে আশপাশের আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি হয় এবং শোধনাগারটির মেরামতকাজ শেষ করতে দুই সপ্তাহ সময় লেগেছিল।
(সূত্র: সিএনএন)
/এনএ