×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে ২টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। খবর রয়টার্সের। 

বুধবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি নৌপথটির একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায়।

এদিকে, বুধবার পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে এবং বিদ্যমান ব্যবস্থাগুলোর উন্নয়ন করেছে।

তিনি সতর্ক করে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশি ঝুঁকির মুখে পড়েছে এবং নৌমাইনে আঘাত পেয়েছে।

এদিকে, ইরান জানায়, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না। দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধের অবসান।

এছাড়া, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো একটি প্রস্তাবে তেহরান জানায়, ওয়াশিংটন তাদের শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

/এএন


Logo