হুইলচেয়ারে বসেই ৯ ইঞ্চির রোবট ট্যুর গাইড দিয়ে পর্যটকদের টোকিও ঘুরে দেখাচ্ছেন আয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
হুইলচেয়ারে বসে চলাফেরা করতে হয় আয়া কাজিকে। ২০১১ সালে, মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে তার স্বাভাবিক জীবনযাপন।
২০২২ সালে, হাঁটার সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন ৩৯ বছর বয়সী এই জাপানি নারী। শারীরিক সীমাবদ্ধতার কারণে একসময় চাকরিও ছেড়ে দিতে হয় তাকে। কিন্তু এখন ঘরে বসেই টোকিও'র ঐতিহাসিক নিহনবাশি এলাকায় পর্যটকদের ঘুরে দেখাচ্ছেন, জানাচ্ছেন স্থানীয় ঐতিহ্য ও কারুশিল্পের গল্প। আর এ কাজের মাধ্যম তার মাত্র ৯ ইঞ্চি উচ্চতার একটি রোবট।
জাপানের ফুকুতোকু মন্দিরে কীভাবে সঠিক নিয়মে প্রার্থনা করতে হয়, বিদেশি পর্যটকদের তা শেখানো থেকে শুরু করে এলাকার ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সবই করছেন কাজি। তবে তিনি নিজে সেখানে উপস্থিত থাকেন না। দূর থেকে একটি রোবট পরিচালনা করেই পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং ঘুরে দেখান আশপাশের দর্শনীয় স্থান।
সিএনএনকে কাজি বলেন, ‘হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমার জন্য বেশ কঠিন।’
দীর্ঘদিন ধরে মাল্টিপল স্ক্লেরোসিস নামের দীর্ঘস্থায়ী স্নায়ুক্ষয়ী অটোইমিউন রোগের সঙ্গে লড়ছেন তিনি। ২০২২ সালে, তার চলাফেরার সক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। একপর্যায়ে হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলেন।
এরপর ক্রমেই ছোট হয়ে আসতে থাকে তার পৃথিবী। জ্বালানি খাতের গবেষক হিসেবে যে চাকরি করতেন, শারীরিক অবস্থার কারণে তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত, চাকরি ছাড়তে বাধ্য হন তিনি। নিয়মিত বেতন বন্ধ হয়ে যাওয়ায় নিজের সঞ্চয় এবং জাপান সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার ওপর নির্ভর করতে হয় তাকে। কিন্তু সেই অর্থ দিয়ে জীবনযাপন-চিকিৎসার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছিল।
২০২৪ সালে, ‘ওরিল্যাব’ নামের একটি জাপানি রোবট নির্মাতা প্রতিষ্ঠানের কথা জানতে পারেন কাজি। প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তি তৈরি করে, যার মাধ্যমে চলাফেরায় সীমাবদ্ধতা থাকা ব্যক্তিরাও ঘরে বসে বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত হতে পারেন। কাজির কাছে এটি হয়ে ওঠে উপার্জনের পাশাপাশি সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকার এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
তিনি বলেন, ‘নতুন মানুষের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। সামাজিক যোগাযোগ ও মানুষের সঙ্গে মেলামেশা আমি দারুণ উপভোগ করি। প্রতিষ্ঠানটি এবং তাদের সুন্দর রোবটগুলোর কথা জানার পর বুঝতে পেরেছিলাম, এটি আমার জন্য একেবারে উপযুক্ত কাজ।’
হাসপাতালের বিছানা থেকে রোবট নির্মাণের ভাবনা
ওরিল্যাবের প্রতিষ্ঠাতা জাপানি রোবট বিশেষজ্ঞ কেনতারো ‘ওরি’ ইয়োশিফুজি। শৈশবে তিন বছরেরও বেশি সময় তাকে বাড়ির বাইরে যেতে পারেননি। ছোটবেলা থেকেই শারীরিকভাবে দুর্বল ছিলেন তিনি। তীব্র সামাজিক উদ্বেগের কারণে নানা শারীরিক সমস্যায় ভুগতেন।
ফলে একেকবার কয়েক মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হতো তাঁকে। সে সময় একাকিত্ব তাঁকে গভীরভাবে পীড়া দিত। নিজের শরীর যখন অসুস্থতার কারণে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন, তখন অন্য একটি শরীরের মাধ্যমে বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত থাকার স্বপ্ন দেখতেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার মনে হয়েছিল, স্কাইপের মাধ্যমে ক্লাস করলেই সমস্যার সমাধান হবে না। কারণ, পর্দার ওপাশে থাকলে সহপাঠী ও শিক্ষকেরা তার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারবেন না। তাই, ২০১০ সালে, নিজের একটি ছোট রোবট সংস্করণ তৈরি করেন ইয়োশিফুজি। তিনি এর নাম দেন ‘বুনশিন’, যার অর্থ প্রতিরূপ বা ক্লোন।
রোবটটির মাধ্যমে ক্লাসে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ইয়োশিফুজি বলেন, ‘আমার বন্ধুরা রোবটটিকে বহন করে ক্লাসে নিয়ে যেত এবং সামনের সারিতে বসাত। আমি মাথা নাড়িয়ে শিক্ষকের কথা শুনতে পারতাম, হাত তুলতে পারতাম। ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে বের হতাম, আড্ডাও দিতাম।’
শুরুতে তার এই উদ্যোগের বিরোধিতা করেছিলেন শিক্ষকেরা। তবে পরে তারা বুঝতে পারেন, রোবটের মাধ্যমে হলেও ইয়োশিফুজি ক্লাসে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ফলে তাকে উপস্থিতির নম্বরও দেওয়া হয়।
শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও রোবটের মাধ্যমে বাস্তব জগতে নিজের উপস্থিতি জানান দেওয়ার এই ধারণাই ওরিল্যাবের মূল দর্শন। ২০১২ সালে ইয়োশিফুজি, আকি ইউকি ও ইয়োশিফুমি শিবা মিলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠানটির প্রথম রোবটের নাম ‘ওরিহিমে’। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইয়োশিফুজি নিজের জন্য যে রোবট তৈরি করেছিলেন, এটি তারই আরও উন্নত সংস্করণ।
মাত্র ৯ ইঞ্চি উচ্চতা ও ১ দশমিক ৪ পাউন্ড ওজনের রোবটটিতে রয়েছে এইচডি ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন এবং নড়াচড়া করতে সক্ষম হাত ও মাথা। ফলে ব্যবহারকারী দূরে বসেই রোবটটির মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিতে পারেন।
পরবর্তী সময়ে, প্রতিষ্ঠানটি তৈরি করে ‘ওরিহিমে-ডি’। প্রায় ৪৭ ইঞ্চি উচ্চতার এই রোবটটি চাকার সাহায্যে চলাচল করতে পারে। এর মাধ্যমে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় এমন কাজও দূর থেকে করা সম্ভব। যেমন: গ্রাহকসেবা দেওয়া, দর্শনার্থীদের পথ দেখানো কিংবা রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা।
ট্যাবলেট, কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে সহজ একটি ইন্টারফেস ব্যবহার করে রোবট দুটি পরিচালনা করা যায়। তবে এসব যন্ত্র চালাতে হাত দিয়ে পর্দায় স্পর্শ করা বা আঙুল দিয়ে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়। যাদের পক্ষে তা সম্ভব নয়, তাদের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘ওরিহিমে আই’ নামের একটি যোগাযোগযন্ত্র।
এটি এমন ব্যক্তিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যারা চোখ ও আঙুলের সামান্য নড়াচড়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এর সাহায্যে তারা কথা বলতে, ছবি আঁকতে এবং ওরিহিমে রোবট পরিচালনা করতে পারেন।
প্রথম দিকে রোবটগুলো পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। এর মাধ্যমে বাড়িতে বা হাসপাতালে অবস্থান করতে বাধ্য শিশুদের শ্রেণিকক্ষে অংশ নেওয়া এবং সহপাঠীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার সুযোগ তৈরি হয়।
প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত কয়েকশ' রোবট বিক্রি হয়েছে। ছোট রোবটগুলোর দাম প্রায় ৪ হাজার ৫শ' ডলার। আর বড় রোবটগুলোর দাম কর বাদে প্রায় ২০ হাজার ইউরো বা ২৬ হাজার ৭৭০ ডলার।
তবে ইয়োশিফুজি মনে করেন, রোবটগুলোর সক্ষমতা তুলে ধরার সবচেয়ে ভালো উপায় হলো এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ বাস্তব কাজেই এগুলো ব্যবহার করতে পারবেন।
রোবটের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সংযোগ
এই ভাবনা থেকেই ওরিল্যাব চালু করে ‘অ্যাভাটার রোবট ক্যাফে ডন ভার্সন বিটা’। এটি মূলত রোবটের ব্যবহারিক সক্ষমতা প্রদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার একটি স্থায়ী উদ্যোগ। স্যান্ডউইচ, কারি, কফি ও চা পরিবেশন করা হয় ক্যাফেটিতে।
২০১৮ সালে, পরীক্ষামূলকভাবে অস্থায়ী আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এর। পরে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ৪ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করে ২০২১ সালে টোকিও'র চুও এলাকায় ৭০ আসনের রেস্তোরাঁ চালু করা হয়।
বর্তমানে সেখানে প্রায় ৮০ জন কর্মী কাজ করেন। তারা দূর থেকে ‘ওরিহিমে’ রোবট পরিচালনা করেন। তাদের বলা হয় ‘ওরিহিমে পাইলট’। কাজের দক্ষতা ও দায়িত্বের ধরন অনুযায়ী তাদের পারিশ্রমিক নির্ধারিত হয়। তবে বেতন শুরু হয় টোকিওর ন্যূনতম মজুরি থেকে।
প্রতিষ্ঠাতা ইয়োশিফুজি বলেন, ‘আমরা নিজেদের নিয়ে খুব বেশি প্রচার করতে চাই না। তবে ক্যাফেটি একসময় ট্রিপঅ্যাডভাইজারে এলাকার সবচেয়ে ভালো রেটিং পাওয়া ক্যাফেতে পরিণত হয়েছিল।’
২০২৪ সালে, পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে এই ক্যাফেতে যোগ দেন আয়া কাজি। সেখানে, ওয়েটার থেকে শুরু করে অতিথিদের অভ্যর্থনা জানানোর মতো বিভিন্ন দায়িত্ব পালনের প্রশিক্ষণ নেন তিনি। বর্তমানে ক্যাফেটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং লাভজনক অবস্থায় রয়েছে।
দ্বিতীয় আরেকটি ক্যাফে চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। ইয়োশিফুজির ভাষ্য, ক্যাফেটি এখন রোবটের কার্যকারিতা নিয়ে গবেষণা ও নতুন প্রযুক্তি পরীক্ষার জায়গা হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
পর্যটকদের পথ দেখাচ্ছে রোবট
ওরিল্যাবের সাম্প্রতিক উদ্যোগ পর্যটন খাত। এ কাজে ব্যবহার করা হচ্ছে ‘ওরিহিমে’ রোবট। ব্যাকপ্যাকের মতো একটি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করে রোবটটি বহন করা যায়। পুরো ব্যবস্থাটির ওজন ৯ পাউন্ডেরও কম। পর্যটকেরা কাঁধে বহনযোগ্য ছোট প্ল্যাটফর্মে রোবটটি বসিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আর দূরে অবস্থান করা পাইলট রোবটের ক্যামেরার মাধ্যমে চারপাশ দেখতে পান এবং পর্যটকদের বিভিন্ন স্থান সম্পর্কে তথ্য জানান।
প্রতিষ্ঠানটি পর্যটন কার্যক্রম শুরু করলে প্রথম দিকেই এতে যুক্ত হন কাজি। বর্তমানে তিনি এই কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন পাইলটের একজন। জাপানি ও ইংরেজি: দুই ভাষাতেই পর্যটকদের সঙ্গে কথা বলেন তিনি।
কাজি বলেন, ‘ভার্চুয়ালভাবে হলেও মানুষের সঙ্গে এই ভ্রমণে অংশ নিতে এবং বাস্তবে সবার সঙ্গে যোগাযোগ করতে আমার খুব ভালো লাগে।’ তার ভাষ্য, কয়েকজন বিদেশি পর্যটক তাকে জানিয়েছেন, পুরো জাপান সফরে কোনো স্থানীয় মানুষের সঙ্গে এত দীর্ঘ সময় ধরে কথা বলার সুযোগ তাঁদের আর হয়নি।
তবে কাজির কাছে এই কাজের গুরুত্ব শুধু মানুষের সঙ্গে যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগও পাচ্ছেন।
তার কথায়, ‘এটি অন্যদের দেখানোরও একটি উপায় যে আমি কাজ করতে পারি, একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের দক্ষতা বাড়াতে পারি এবং নতুন নতুন বিষয় শিখতে পারি।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর সুবিধার যুগে ওরিল্যাবের প্রতিষ্ঠাতা ইয়োশিফুজি প্রযুক্তির কেন্দ্রে মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং আতিথেয়তাকে রাখতে চান। তার আশা, সমাজও এই ধারণাকে গ্রহণ করবে।
জাপানের সরকারের ২০২৩ সালের হিসাব অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯ দশমিক ২ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন। চলতি দশকের শেষ নাগাদ এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ওরিল্যাবের রোবট প্রযুক্তি কাজির মতো ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথও তৈরি করছে। যদিও এখনো পুরোপুরি নিজের আয়ের ওপর নির্ভর করতে পারছেন না তিনি।
কাজি জানান, সপ্তাহে, মোটামুটি ২০ ঘণ্টা কাজ করেন। তিনি বলেন, ‘আমি এখনো পুরোপুরি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই। প্রতিবন্ধী ভাতার প্রয়োজন এখনো রয়েছে। তবে এই কাজের মাধ্যমে বাড়তি অর্থ উপার্জন করতে পারছি। বন্ধু ও পরিবারের সদস্যদের উপহার কিনতে পারছি। আর নিজের আনন্দের জন্য সুমো কুস্তির লড়াই দেখতে যেতে পারছি। সুমো দেখতে আমার খুব ভালো লাগে।’
প্রযুক্তির এই ব্যবহার তাই শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগই তৈরি করছে না, বরং শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে সমাজের সঙ্গে যুক্ত থাকার নতুন পথও দেখাচ্ছে। আয়া কাজির মতো মানুষের কাছে ছোট্ট একটি রোবট হয়ে উঠেছে কাজ, স্বাধীনতা ও সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম।
/এআই