×
Logo

আন্তর্জাতিক

প্রণব মুখার্জির পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন 'উচ্চাকাঙ্ক্ষী' শুভেন্দু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

প্রণব মুখার্জির পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন 'উচ্চাকাঙ্ক্ষী' শুভেন্দু

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন সময়ে এই দলবদলে রাজ্য রাজনীতিতে শুরু হয় বড়সড় আলোচনা। সেবার ভোটের লড়াইয়ে অবশ্য সরকার গঠন করতে পারেনি বিজেপি। শুভেন্দু হন বিরোধীদলীয় নেতা। সম্প্রতি তার সেই দলবদল ইস্যু নিজেই ফের আলোচনায় এনেছেন শুভেন্দু। জানিয়েছেন মমতার দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পেছনে অন্যতম অনুপ্রেরণা ছিল দেশটির প্রয়াত রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউতে এ তথ্য জানান শুভেন্দু।

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখনও তিনি তৃণমূলে। সেসময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব তাকে তৃণমূল ছেড়ে মোদির সঙ্গে থাকার পরামর্শ দেন বলে দাবি করেছেন শুভেন্দু।

প্রণব তাকে বলেছিলেন, 'এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।'

নিজের প্রাক্তন দল তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, 'ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।'

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই সময়কালটা পুরোটাই শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। এমনকী মমতার মন্ত্রিসভায় মন্ত্রী-সহ দলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তার কাঁধে।

২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। ওই যোগদানের কিছুদিন আগেই প্রণবের মৃত্যু হয়।

ফলে ঠিক কোন সময় প্রাক্তন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে তৃণমূল ত্যাগের পরামর্শ দিয়েছিলেন সেটা অনুমান করা কঠিন। এ বিষয়ে শুভেন্দুও খোলসা করেননি। বলেন, 'এই ব্যাপারে আমি বেশি বলব না। উনি আমাদের মধ্যে এখন নেই। এটা নিয়ে বিতর্ক হবে। উনি আমার অভিভাবক ছিলেন, পরামর্শদাতা ছিলেন।'

/এমএইচআর

Logo