×
Logo

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।  মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। 

একইসঙ্গে, তেহরানকে রাসায়নিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে কাটজের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। 

তিনি বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল তাদের (ইরানকে) এই সক্ষমতা অর্জন করতে দেবে না।’

এর আগে, গত সপ্তাহে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা তৈরি করছে ইরান।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের এই পরিকল্পনা তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়; বরং ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা।

ডার্টি বোমা হলো এমন একটি প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব ক্ষতিকর পদার্থ ছড়িয়ে দেওয়াই এ ধরনের বোমার উদ্দেশ্য।

তবে সিএনএনের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে এর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কেউ এসব বিশ্বাস করছে না।

মঙ্গলবারের (২৪ নভেম্বর) ব্রিফিংয়ে ইরানের বিরুদ্ধে আগাম সামরিক হামলার সম্ভাবনাও উত্থাপন করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। 

তিনি বলেন, ‘আমরা যদি বুঝতে পারি, ইরানিরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আগেই সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়ে সেই হুমকি নস্যাৎ করা যায় না? ইরানিরা যদি প্রথমে আমাদের ওপর হামলা চালায়, তাহলে সেটি হবে ব্যর্থতা।’

এদিকে, গত মাসে, ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাননি।

এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। অন্যদিকে, নেতানিয়াহু তেহরানের হুমকিকে সামনে এনে লিকুদ পার্টিকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর ও চলতি বছরের শুরুর দিকে দুই দফা সংঘাতের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

তবে ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকট। সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ইসরায়েলের জন্য এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার মোকাবিলায় নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

/এআই 

Logo