×
Logo

আন্তর্জাতিক

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না মোসাদের গবেষকেরা, সামরিক অভিযানের পক্ষে সংস্থাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না মোসাদের গবেষকেরা, সামরিক অভিযানের পক্ষে সংস্থাপ্রধান

ইরানের বিরুদ্ধে এখনই নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মনে করছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একদল গবেষক। তবে তাদের এই মূল্যায়নের বিপরীতে ইরানে আবারও হামলার পক্ষে অবস্থান নিয়েছেন সংস্থাটির প্রধান রোমান গোফম্যান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে ইসরায়েলের রাজনৈতিক-নিরাপত্তা মহলে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। দেশটির জন্য ইরান এই মুহূর্তে তাৎক্ষণিক হুমকি কি না এবং নতুন করে হামলা চালানো জরুরি কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ভিন্নমত রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও মনে করেন, ইরানে হামলার জন্য এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই। হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তার মতে, ইরানের হুমকিগুলো পর্যবেক্ষণে রাখছে ইসরায়েলি সামরিক বাহিনী।

একই ধরনের অবস্থান নিয়েছেন ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। সোমবার তিনি বলেন, নতুন করে হামলার দিকে না ছুটে আপাতত ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের।

তবে এসব বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তা হুমকিকে রাজনৈতিক স্বার্থে খাটো করে দেখানোর অভিযোগ তুলেছেন। তার দাবি, ইসরায়েলের সামনে থাকা হুমকিগুলো তাৎক্ষণিক ও গুরুতর।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের গবেষকদের মূল্যায়নে এখনই ইরানে হামলার জরুরি প্রয়োজন না থাকলেও সংস্থাপ্রধান গোফম্যান নতুন করে সামরিক অভিযানের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফোরামে গবেষকদের ভিন্নমতের মূল্যায়ন তিনি তুলে ধরেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরানে নতুন করে হামলার পক্ষে গোফম্যানের অবস্থানের পেছনে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিও উঠে এসেছে। গত সপ্তাহে, ওয়াশিংটন সফরে তিনি ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালানোর পক্ষে মত দেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফও উপস্থিত ছিলেন।

এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দেশটির বিভিন্ন বিষয়ে ইসরায়েলের গোয়েন্দা তথ্যও মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন গোফম্যান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধানও গবেষকদের মূল্যায়নের পরিবর্তে গোফম্যানের অবস্থানকে সমর্থন করছেন। উল্লেখ্য, ওই গোয়েন্দা বিভাগের প্রধানকে নিয়োগ দিয়েছিলেন গোফম্যান নিজেই। গবেষকদের ভিন্নমতের মূল্যায়নটি গোয়েন্দা বিভাগের অধীন একটি স্বতন্ত্র ইউনিট থেকে তৈরি করা হয়েছিল।

এ বিষয়ে হারেৎজের কাছে দেওয়া এক বক্তব্যে মোসাদ জানিয়েছে, সংস্থাটির অভ্যন্তরীণ আলোচনায় বিভিন্ন পেশাগত মূল্যায়ন ও ভিন্নমত তুলে ধরার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো বৈঠক বা আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।

একে/এআই 

Logo