×
Logo

আন্তর্জাতিক

গাজার ৯৯% এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরায়েল: অক্সফাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

গাজার ৯৯% এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরায়েল: অক্সফাম

ইসরায়েলের সামরিক অভিযানে গাজা এখন ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে। দূষিত পানি, বিষাক্ত মাটি ও পরিবেশ বিপর্যয়ের কারণে ফিলিস্তিনিদের জীবনধারণ হুমকির মুখে পড়েছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ফলে ২৩ লাখ মানুষের এই ভূখণ্ডে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। পানি ও মাটিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত উপাদান, যা স্থানীয় বাসিন্দাদের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের ব্যবহৃত বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্রের কারণে গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় পরিবেশ দূষণ ছড়িয়ে পড়েছে।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড পরিবেশগত যুদ্ধাপরাধের শামিল, যার প্রভাব বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও হুমকির মুখে ফেলছে।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, গাজার অবকাঠামো ও পরিবেশ ধ্বংস এবং দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের আওতায় ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের শামিল হতে পারে।

অমিতাভ বেহার বলেন, গাজার ফিলিস্তিনিরা বিভিন্নভাবে বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছেন। শ্বাস নেওয়ার বাতাস, খাদ্য ও পানির পাশাপাশি দূষিত মাটি এবং ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শেও তাদের শরীরে ক্ষতিকর পদার্থ প্রবেশ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের বোমাবর্ষণে ভবন ও স্থাপনা ধ্বংসের পাশাপাশি গাজার প্রাকৃতিক পরিবেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাতাস, মাটি, খাদ্য ও পানির নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

বিশেষকরে, বোমাবর্ষণ, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ এবং অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়িয়ে পড়া দূষিত পদার্থ মানুষের শরীরে প্রবেশ করছে বিভিন্ন মাধ্যমে। দূষিত বাতাসের মাধ্যমে তা ফুসফুসে পৌঁছাচ্ছে, পানির সঙ্গে শরীরে প্রবেশ করছে এবং খাদ্যশৃঙ্খলেও ছড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে অক্সফাম। প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের উৎস শনাক্ত করার পাশাপাশি এর ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

/এআই 

Logo