×
Logo

আন্তর্জাতিক

জাতিসংঘ প্রধান মুখপাত্র ডুজারিক

আগস্ট থেকে ইয়েমেনে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ এএম

আগস্ট থেকে ইয়েমেনে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত

আগস্টের শুরু থেকে ইয়েমেনে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং চলমান সহিংসতায় শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান তিনি। 

ডুজারিক বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ব্যাপক স্থানচ্যুতির খবর দিয়েছে, যেখানে তাইজ গভর্নরেটে সর্বাধিক সংখ্যক, প্রায় ১ লক্ষ ৪৫ হাজার, বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আগস্টের শুরু থেকে ৩২৩ জন বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা যাচাই করেছে, যার মধ্যে ৭৬ জন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, মোট হতাহতের এক-তৃতীয়াংশের বেশি এবং নিহতদের অর্ধেকই শিশু। সহজেই অনুমান করা যায় যে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি। 

এদিকে, সড়কে বিধিনিষেধের কারণে বেসামরিক চলাচল এবং তাইজে বাণিজ্যিক সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বাসিন্দা ও বাস্তুচ্যুত পরিবারগুলোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি জানান।

২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত, যখন হুথিরা রাজধানী সানা ও দেশের অন্যান্য অংশ দখল করে নেয়। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করলে বছরের পর বছর ধরে যুদ্ধ এবং একটি ভয়াবহ মানবিক সংকট শুরু হয়।

এদিকে, ২০২২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর জুলাই মাসে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্রতর হয়।

/এসআর 


Logo