×
Logo

আন্তর্জাতিক

একসঙ্গে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চার উন্মোচন ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

একসঙ্গে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চার উন্মোচন ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা। এরই মধ্যে নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে দেশটি। এ ব্যবস্থার মাধ্যমে একই সময়ে দু'টি জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, একই সঙ্গে দু'টি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এমন একটি উৎক্ষেপণব্যবস্থা প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রচারিত ভিডিওতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ভাহিদি এবং বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভিকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা যায়। 

দীর্ঘ সুড়ঙ্গের ভেতর একটি যানবাহনের ওপর বসে তাদের ঘুরে বেড়াতে দেখা যায়। সুড়ঙ্গজুড়ে সারিবদ্ধভাবে রাখা ছিল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

পরিদর্শনের সময় আহমদ ভাহিদি বলেন, ‘আমাদের শত্রুর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল শুরু। আমরা তাদের আরও অপমানিত হতে দেখবো।’

ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা হিসেবে পরিচিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এই প্রধান আরও বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের সক্ষমতা আরও বাড়ছে।

অন্যদিকে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি বলেন, ‘গত দু'টি সংঘাতের মধ্য দিয়ে আমাদের সক্ষমতা বেড়েছে। আমাদের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে ভীতসন্ত্রস্ত করতে পারে।’

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচনের পাশাপাশি দুই সামরিক কমান্ডারের এসব বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন ও কঠোর বার্তা দেওয়ার অংশ হিসেবে তুলে ধরেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

/এআই 

Logo