নিউইয়র্কের আদালতে কাতাইব হিজবুল্লাহ কমান্ডার দাউদ বললেন, ‘আমরা কাসেম সোলাইমানির সেনাবাহিনী’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম
নিউইয়র্কের একটি আদালতে শুনানি চলাকালে ইরানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরাকের কাতাইব হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ দাউদ আল-সাদি। একইসঙ্গে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। বলেন, ‘আমরা কাসেম সোলাইমানির সেনাবাহিনী।’
আদালতের নিয়োগ করা আইনজীবীকেও প্রত্যাখ্যান করেছেন ইরাকি-ইরানি দ্বৈত নাগরিকত্বধারী এই ব্যক্তি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর), প্রায় দুই ঘণ্টার শুনানি শেষে, আদালত থেকে বের করে নেওয়ার সময় আরবিতে চিৎকার করে ইরানের নেতৃত্বের প্রতি নিজের সমর্থন জানান তিনি।
গত মে মাসে, বিশ্বের বিভিন্ন স্থানে ইহুদি লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও চেষ্টা করার অভিযোগে আল-সাদির বিরুদ্ধে ৮টি অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়।
যুক্তরাষ্ট্রে আটক থাকা অবস্থায় পরবর্তী সময়ে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
এদিকে, সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আদালত থেকে নিয়োগ দেওয়া আইনজীবীর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। পরিবর্তে নিজের পরিবারের মাধ্যমে আইনজীবী নিয়োগের দাবি জানান আল-সাদি।
তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে আল-সাদি বলেন, ‘আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। আমি একজন রাষ্ট্রনায়ক, ব্যবসায়ী নই। আমার কোনো জুয়ার ক্যাসিনো নেই, আমি শিশুদের ধর্ষণ করি না এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোতে আমি নির্দোষ।’
১২ বছর ধরে এফবিআই ও মোসাদের পিছু নেওয়ার দাবি
আদালতে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরে আল-সাদি বলেন, এর আগেও তিনি আদালতের মুখোমুখি হয়েছেন। নিজেকে নিজ দেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক এবং ইতিহাসের বিশেষজ্ঞ বলেও দাবি করেন তিনি।
এ সময় এফবিআই ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তৎপর থাকার কথা জানান আল-সাদি। তার ভাষ্য, ‘আমি ১২ বছর ধরে এফবিআই ও মোসাদের পিছু নিয়েছি এবং ইরান ও ইরাকের আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছি।’
উল্লেখ্য, কাতাইব হিজবুল্লাহ ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। ইরানের সঙ্গে গোষ্ঠীটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আল-সাদির বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে বিচারাধীন।
/এআই