পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কয়েকটি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকট। এসব হামলা বন্ধে সরকার ও নিরাপত্তা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাতভর, পশ্চিম তীরের দেইর আল-সুদান গ্রামে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দেয় বসতিস্থাপনকারীরা। এছাড়া কাছাকাছি দেইর আবু মাশাল ও কাফর মালিক গ্রামেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ইসরায়েলের রাজনৈতিক দল ইয়াশারের চেয়ারম্যান আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘চরমপন্থি গোষ্ঠীগুলোর গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে, মানুষের জীবন বিপন্ন করছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি অনিবার্য নয়; বরং এটি দুর্বল নেতৃত্বের পরিণতি।’
এজন্য ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে দায়ী করেন আইজেনকট। তার অভিযোগ, তাদের নীতির কারণে পশ্চিম তীর কার্যত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক আটক এবং ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযানসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর আরও কঠোর ভূমিকা নেওয়া জরুরি।
/এআই