সৌদি আরবকে ১৬ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের সুযোগ দিচ্ছে জাপান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
হরমুজ প্রণালি ঘিরে চলমান অস্থিরতা কাটাতে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে, সৌদি আরবকে, অতিরিক্ত ১৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সংরক্ষণের সুযোগ দিতে যাচ্ছে জাপান। পাশাপাশি, নিজেদের জাতীয় মজুতের জন্য সৌদি আরবের কাছ থেকে সর্বোচ্চ ৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করেছে দেশটি।
শুক্রবার (১৩ নভেম্বর), সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের, ৯ নভেম্বর, সৌদি আরবের জ্বালানিমন্ত্রী ও শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
২০২৬ সালের মে মাসে, গঠিত যৌথ টাস্কফোর্সের আলোচনার ধারাবাহিকতায় সৌদি আরব জানায়, জাপান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থিতিশীল ও নির্ভরযোগ্যভাবে অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রাখাকে বিশেষ গুরুত্ব দেয় রিয়াদ।
অন্যদিকে, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্যভাবে অপরিশোধিত তেল সরবরাহের জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাপান। এরইমধ্যে দেশটিতে যৌথ তেল মজুতের জন্য নির্ধারিত ট্যাংকগুলোতে তেল পুনরায় মজুতের কাজ শুরু করেছে সৌদি আরব।
২০১০ সালে চালু হওয়া দুই দেশের যৌথ অপরিশোধিত তেল মজুত প্রকল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে নতুন এই উদ্যোগ নিয়েছে টোকিও। বিশেষকরে, সাম্প্রতিক সময়ে প্রকল্পটির কার্যকারিতা প্রমাণিত হওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত ১৬ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে জাপান। দেশটির জাতীয় তেল মজুত অবকাঠামো ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা দেওয়া হবে।
নতুন এই সুবিধা যুক্ত হলে জাপানে সৌদি আরবের জন্য বরাদ্দ করা মোট তেল সংরক্ষণ সক্ষমতা দাঁড়াবে ২৪ মিলিয়ন ব্যারেলে। বর্তমানে দেশটিতে সৌদি আরবের জন্য ৮ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
/এআই