ভারতে অ্যাকাউন্ট সরানোর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের সদস্যদের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে দেশটিতে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মেটার সবচেয়ে বড় বাজার ভারতে এ ঘটনায় রাজনৈতিক দলটির সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরোধ আরও তীব্র হয়েছে। খবর রয়টার্সের।
তবে, বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা। এদিকে, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আপত্তিকর মনে হওয়া কনটেন্ট সরাতে কঠোর পদক্ষেপ এবং এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে দেশটিতে আলোচনা বাড়ছে।
মোদি সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন করে, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন কনটেন্টই সরানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, অনলাইনে বিরোধী মত দমনে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের দলের অ্যাকাউন্ট ও কনটেন্ট সরিয়ে দিচ্ছে এবং মোদি সরকারকে সুবিধা দিচ্ছে। মেটার বক্তব্য, স্থানীয় আইন মেনেই ভারতে কনটেন্ট সীমাবদ্ধ করা হয়।
মেটার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির
বিক্ষোভের সমালোচনা করেছেন মোদির ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। শনিবার তিনি অভিযোগ করেন, কংগ্রেস শুধু হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর ও ক্ষতিসাধনই করেনি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারও করছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এটাই কংগ্রেস মডেল: বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর করা।’
এ বিষয়ে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মেটার কার্যালয় থাকা ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এ সময় তারা গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
আরেকটি ভিডিওতে মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান লিখতে দেখা যায় কংগ্রেসকর্মীদের। এ সময় তাদের বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও বিক্ষোভ করেন কংগ্রেসকর্মীরা। সেখানে তাদের হাতে ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার দেখা যায়।
ভারতীয় যুব কংগ্রেস এক্সে দেওয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশজুড়ে মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করা হবে।
দুটি অ্যাকাউন্ট ফিরলেও হাজারো অ্যাকাউন্ট সীমাবদ্ধ
যুব সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জৈন শনিবার রয়টার্সকে বলেন, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচনা করেন— এমন সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
জৈনের দাবি, মেটাকে তাদের অ্যালগরিদম কীভাবে পোস্ট সীমিত করে, তা ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি সরকারের নির্দেশে সরিয়ে দেওয়া অ্যাকাউন্টগুলোও পুনর্বহাল করতে হবে।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকতাসংক্রান্ত কনটেন্ট সরানোর ঘটনা বেড়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা অধিকারকর্মীদের আশঙ্কা, সরকারের নতুন নিয়মে কনটেন্ট সরানোর অনুরোধ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব কম সময় পাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে মোদি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্টের বিষয়ে নোটিশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা সরানোর নির্দেশ দেয়। এর আগে এ সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন মেনে প্রতিষ্ঠানটি ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছে। এ সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার পরই ভারতের অবস্থান। এর আগের ছয় মাসে ভারতে সীমাবদ্ধ করা হয়েছিল প্রায় ৭০ হাজার পোস্ট বা অ্যাকাউন্ট।
মেটা জানিয়েছে, সীমাবদ্ধ করা কনটেন্টের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে প্রতিষ্ঠানটির আগাম পদক্ষেপের মাধ্যমে সরানো বা সীমিত করা হয়েছে।
/এনএ