×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করলো মার্কিন সিনেট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করলো মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়েছে। তবে তিন রিপাবলিকান সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

প্রস্তাবটি পাস হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো প্রেসিডেন্ট ট্রাম্পকে। সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পরও যুদ্ধের পক্ষে রিপাবলিকানদের অবস্থান এ ভোটের মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো। জনমতের একটি বড় অংশের যুদ্ধবিরোধী অবস্থান ওই নির্বাচনে প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। এতে দলীয় অবস্থানের ভিত্তিতেই অধিকাংশ সিনেটর ভোট দেন। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।

১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এতে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়।

প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন তিন রিপাবলিকান সিনেটর— মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকোস্কি এবং কেনটাকির র‍্যান্ড পল। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে শুধু পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে দূরত্ব তৈরি করা ফেটারম্যান ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে ধারাবাহিক প্রচেষ্টার সর্বশেষ ঘটনা এই ভোটাভুটি। এর আগে জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্যান্য উদ্যোগ ব্যর্থ হয়। এবারের প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সুযোগ ছিল না; মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই এটি উত্থাপন করা হয়েছিল।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের হাতে।

এদিকে, যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ারও বিভিন্ন প্রমাণ সামনে আসছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ।

ইউগভের আরেকটি জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করা প্রার্থীদের প্রতি ৪৪ শতাংশ মার্কিন নাগরিকের সমর্থনের সম্ভাবনা কম, বিপরীতে ১৩ শতাংশের ক্ষেত্রে এমন প্রার্থীদের সমর্থনের সম্ভাবনা বেশি।

(সূত্র: আল জাজিরা)   

/এনএ 

Logo