ভয়েজার ১: মানুষের তৈরি মহাকাশযান প্রথমবার পৌঁছাল এক আলোক দিবস দূরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম
নাসার ভয়েজার-১ মহাকাশযান উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোক দিবস দূরত্বে পৌঁছেছে।
বুধবার (১৮ নভেম্বর) মহাকাশযানটি এই মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে।
এক আলোক দিবস হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করতে পারে। এর অর্থ, পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে একদিন সময় নেয় এবং মহাকাশযানটি থেকে পাঠানো উত্তর পৃথিবীতে পৌঁছাতেও সময় লাগে আরও একদিন।
নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া বলেছেন, এই অর্জনটি ‘মহাকাশ কতটা বিশাল, তার সবচেয়ে ভালো উদাহরণ’।
বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা যা কিছু কল্পনা করি, তার অনেকটাই হলো অন্য নক্ষত্রব্যবস্থায় ভ্রমণ করা। অথচ শুধু আমাদের নিজেদের সৌরজগতের প্রান্তে পৌঁছাতেই ভয়েজার-১-এর প্রায় ৫০ বছর লেগেছে। সেখানে মাত্র এক আলোক-দিন দূরত্বে পৌঁছানোর কথা তো বাদই দিলাম।
তিনি উল্লেখ করেন, অনেক বহিঃসৌরজাগতিক নক্ষত্রব্যবস্থা অন্তত কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার ধারণা, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে ভয়েজার-১-এর প্রায় ১৮ হাজার বছর সময় লাগবে।
শুধু দূরত্ব জয় নয়। মহাকাশ গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভয়েজার ওয়ান। অনুসন্ধান করেছে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের মতো গ্রহ নিয়ে। মহাকাশযানটির কিছু যন্ত্রপাতি এমনকি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে শক্তি সাশ্রয়ের জন্য। আরেকটি আলোক দিনে পৌঁছাতে ভয়েজার টু এর অপেক্ষা ২০৩৫ সাল পর্যন্ত।
/এমএইচআর