বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক, কপ-৩১ এ সমঝোতা স্মারক স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তুরস্কের দুটি প্রতিষ্ঠান। তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে এ চুক্তির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় স্থানীয় সময় বিকেল ৪টায় কপ-৩১ সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের ব্যানারে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের পাশাপাশি প্রতিষ্ঠানটির জলবায়ুবিষয়ক উদ্যোগ ‘ক্লিমা’র নামও উল্লেখ ছিল।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী পর্বে অনুষ্ঠানে যোগ দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ-৩১ এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরি করা। বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নেওয়ার অভিন্ন লক্ষ্য থেকেই এ অংশীদারত্ব গড়ে উঠেছে।
বাংলাদেশ ও তুরস্কের প্রতিষ্ঠান দুটির এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনাকে বৃহত্তর জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করবে। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত চলতি কপ-৩১ সম্মেলনে কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষরিত এটিই একমাত্র সমঝোতা স্মারক।
/এনএ